আগুনের গ্রাসে ছ’টি বাড়ি! শীতের শহরে একবালপুরের বাসিন্দারা এখন গৃহহীন

আগুনের গ্রাসে ছ’টি বাড়ি! শীতের শহরে একবালপুরের বাসিন্দারা এখন গৃহহীন

#কলকাতা:  বুধবার রাতে একটার কিছু সময় পরে হঠাৎ ই দেখা যায় বন্ধ ঘর থেকে ধোঁয়া, স্থানীয়দের শীতের ঘুম ভাঙতেই আগুন দেখে ঘর থেকে আসবাবপত্র সব কিছু সরানোর চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। বন্ধ ঘর থেকে আগুনের লেলিহান শিখা কয়েক মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পাশের বাড়িগুলোতে, স্থানীয়রা হাজারও চেষ্টা করলেও পুড়ে যায় ছ’টি ঘর, তার মধ্যে তিনটি ঘর পুরোপুরি ভস্মীভূত।

স্থানীয়রা ঘটনার ভয়াবহতা বুঝেই দৌড়ে আসে ঘটনাস্থলে, হাতে করে  জল দিতেই আগুনের শিখা কিছুটা তার জোর কমায়। রাত একটার সময় একবালপুর লেনে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী, ঘটনাস্থলে দমকলের ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বাড়ির মধ্যে থাকা সমস্ত বাসিন্দারা তড়িঘড়ি ঘর থেকে বেরতেই বিপদ মুক্ত হয়, কোনও ব্যাক্তির আহত হওয়ার মতো ঘটনা ঘটেনি। বন্ধ ঘর-সহ বাকি বাড়িগুলোতে বাঁশের কাঠামো থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, আগুনের গ্রাসে চলে যায় খাট, টেলিভিশন থেকে রেফ্রিজারেটর-সহ একাধিক বহু মূল্যের সামগ্রী। প্রায় ভোর চারটা সময় দমকলের ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘরের মধ্যে ধোঁয়া দেখা গেলেও বন্ধ থাকায় আগুন আয়ত্তে আনা যায়নি, তখন অন্য ঘরের জিনিস বার করার সময়ই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় আরও এক বাসিন্দা জানান,  সব পুড়ে গেল, এ বার থাকব কি করে! একই কথা বলেন ওই এলাকার এক বাসিন্দা,  তাঁর বক্তব্য,  সব ঠিক ছিল, কিন্তু কি করে আগুন লাগল বোঝা যাচ্ছে না, রাতে আমরা থাকবো কোথায়? এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য,  আগুন বন্ধ ঘরে থেকে ছড়িয়েছে বৈদ্যুতিক তারের সাহায্যে, বাঁশের কাঠামো হওয়ার জন্য বাঁচানো যায়নি কিছুই।

(Feed Source: news18.com)