বাংলাদেশঃ ১০ লাখ টাকায় খুনের মামলা মিমাংসা!

বাংলাদেশঃ ১০ লাখ টাকায় খুনের মামলা মিমাংসা!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে খুনের ঘটনায় নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে আপোষ মীমাংসার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে হত্যা মামলার আসামী এবং বাদিপক্ষের লোকেদের উপস্থিতিতে এ আপোষ মীমাংসা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আ. রাজ্জাক শেখের ছেলে মো. শহিদুল শেখ গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে গত বছরের ২৩ জুলাই খুন হন। শহিদুল শেখ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মাসুদ শেখের সমর্থক। ওই খুনের ঘটনায় ২৯ জনকে আসামী করে গত বছরের ২৬ জুলাই মামলা হয়। নিহতের ফুপাতো ভাই আ. মান্নান ওরফে টিন মান্নান বাদি হয়ে পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরকে প্রধান আসামী করে ওই মামলা করেন।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে শহিদুল শেখ খুনের ঘটনায় এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা এবং খুন পরবর্তী সহিংসতায় বাড়িঘর ভাংচুরের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত আসামী পক্ষের লোকদের ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে মাসুদ শেখ বলেন, সোমবার উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এ ব্যাপারে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপোষ মীমাংসা হয়েছে। সালিশে আসামী পক্ষের লোকেরা নিহতের পরিবারকে ১০ লাখ টাকা এবং ওই সময় বাদি পক্ষের লোকজন কর্তৃক আসামী পক্ষের লোকদের বাড়িঘর ভাংচুর করায় ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা প্রদান করবে বলে সিদ্ধান্ত হয়েছে।

তবে মামলার বাদী আব্দুল মান্নান ওরফে টিন মান্নান সালিশ বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান। দশ লাখ টাকা নিয়ে নিষ্পত্তির কথা তিনি অস্বীকার করেন।

সান নিউজ/এমআর