বিজেপির নজরে সীমান্ত এলাকার গ্রাম, মোদির নির্দেশ পেয়েই ময়দানে গেরুয়া শিবির

বিজেপির নজরে সীমান্ত এলাকার গ্রাম, মোদির নির্দেশ পেয়েই ময়দানে গেরুয়া শিবির

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির নজরে সীমান্ত এলাকার গ্রাম। মোদির নির্দেশ পেয়েই ময়দানে বিজেপি। কোচবিহারের শীতলকুচির সীমান্তবর্তী গ্রামে ইতিমধ্যেই বিজেপি বিধায়ক, বিজেপির যুব মোর্চার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন পদ্ম নেতারা। তবে শুধু শীতলকুচিই নয়, রাজ্যের দশটি সীমান্ত এলাকার গ্রামে গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির।

সূত্রের খবর, নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন, সীমান্ত এলাকার গ্রামে গিয়ে জনসংযোগ বাড়াতে। সেই মতো বঙ্গেও ময়দানে নেমে পড়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কতটা পাচ্ছেন তা নিয়ে খোঁজ নেবেন বিজেপির নেতা-কর্মীরা। সীমান্ত এলাকার বাসিন্দাদের সমস্যার কথাও জানতে চাইবেন বিজেপির প্রতিনিধি দল। সূত্রের খবর, সমস্ত তথ্য রিপোর্ট আকারে পাঠানো হবে দিল্লিতে। একুশের বিধানসভা ভোটের পরিসংখ্যানে স্পষ্ট, উদ্বাস্তু হিন্দুদের ভোটও পুরোপুরি নিজেদের দিকে টানতে পারেনি বিজেপি।

উত্তরবঙ্গে উদ্বাস্তু হিন্দুদের বড় অংশ রাজবংশী। দক্ষিণবঙ্গে মতুয়া। রাজ্যে ৮৩ আসনে মতুয়া ভোট ফ্যাক্টর। এর মধ্যে একুশের ভোটে তৃণমূল পায় ৫৩টি আসন ৷ বিজেপির দখলে ছিল ৩০টি। উদ্বাস্তু হিন্দুদের অনেকের মনেই CAA নিয়ে আশঙ্কা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, সেই শঙ্কা দূর করে উদ্বাস্তু হিন্দুদের মন জয় করতেই ময়দানে নেমেছে বিজেপি। তাই তাঁদের বিশেষ নজর সীমান্তের গ্রামে।

কয়েক মাস পরেই রাজ্য পঞ্চায়েত ভোট। গ্রাম দখলের লড়াই। তার আগে এবার বিশেষ করে বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামের মানুষদের মন জয় করার লক্ষ্যে বিজেপির এই বিশেষ জনসংযোগ কর্মসূচি বাস্তবে পঞ্চায়েত ভোটের ময়দানে কতোটা রাজনৈতিক ফসল তুলতে সাহায্য করবে তার উত্তর দেবে সময়ই।

(Feed Source: abplive.com)