Medhashree: রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির(OBC) পড়ুয়াদের জন্য নয়া প্রকল্প। বৃহস্পতিবার ‘মেধাশ্রী’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুদুয়ার থেকে প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ওবিসি পড়ুয়াদের বৃত্তির টাকা বন্ধ করে দিয়েছে। সেই দায়িত্ব রাজ্যই নেবে।’
মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘যারা ওবিসিদের টাকা বন্ধ করেছে, তারা পাপ করতে পারে, আমি পারি না। আমি আপনাদের পাহারাদার। ওবিসি বৃত্তির ৮০০ টাকা আমরা দেব। এর পরপরই ভোটের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বিজেপির উদ্দেশে কটাক্ষের সুরে বলেন, ‘বৃত্তি যখন বন্ধ করে দিয়েছ, ভোটের সময় বলতে এসো না ওবিসি ভোট দাও। পঞ্চায়েত ভোটের আগে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কিন্তু পশ্চিমবঙ্গে ওবিসি-র ক্ষেত্রে কত শতাংশ সংরক্ষণ রয়েছে? মুখ্যমন্ত্রী জানান, ‘বাংলায় ১৭ শতাংশ ওবিসিদের জন্য সংরক্ষণ আছে। আমাদের সরকার এসে এটা করেছি। তবে কোনও জেনারেল কাস্টের কোটা থেকে নিইনি। ওবিসির জন্য প্রজেক্ট ছিল। স্কলারশিপ পেত ওরা। কেন্দ্রীয় সরকার সেটাও বন্ধ করে দিয়েছে। ৮০০ টাকা করে পেত।’
মেধাশ্রী প্রকল্প কী?
পশ্চিমবঙ্গ সরকারের মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা আর্থিক সুবিধা পাবে। রাজ্য প্রতি বছর তাঁদের ৮০০ টাকা করে বৃত্তি দেবে।
কত জন পড়ুয়া এর সুবিধা পাবেন?
প্রতি বছর আনুমানিক প্রায় ২ লক্ষ ৬৩ হাজার প্রাক-মাধ্যমিক পড়ুয়া এই প্রকল্পের অধীনে ৮০০ টাকা বৃত্তি পাবেন। এর আগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ওবিসি পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারের বৃত্তি পেত। সেটি বন্ধ হওয়াতেই এই সিদ্ধান্ত।
এর আগে রাজ্যের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। মেয়েদের উচ্চশিক্ষার জন্য কন্যাশ্রী, সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী বৃত্তি, ১১ লক্ষ তফশিলি তালিকাভুক্ত পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী রয়েছে। এছাড়া রাজ্যের যে সকল অভাবি-মেধাবী পড়ুয়াদের পরিবারের বাত্সরিক আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং যাদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক-স্নাতকে প্রাপ্ত নম্বর ৬০% বা তার বেশি, তাঁরা এই প্রকল্পের আওতায় ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পাবেন। প্রান্তিক এলাকার পিছিয়ে পড়া পড়ুয়াদের পরিবারের কাছে এই টাকার মূল্য অনেকটাই বেশি। ফলে পড়ুয়াদের জন্য সুবিধার তালিকায় যোগ হল আরও এক নাম- মেধাশ্রী।
(Feed Source: hindustantimes.com)
