
কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে দলের গুরুত্বপূর্ণ বৈঠক। দলের নির্বাচনী কমিটির বৈঠক কালীঘাটে৷ বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। থাকবেন বেশ কিছু সাংসদ এবং বিধায়কও।
কালীঘাটে আজ শনিবার বিকেল চারটের সময় হবে এই বৈঠক। গতকাল কাকদ্বীপে শেষ হয়েছে নবজোয়ার যাত্রা। গত পরশু শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়া। এই অবস্থায় আজ শনিবার গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। দলীয় সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে প্রচার, দলীয় কৌশল নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে৷ একই সঙ্গে বার্তা দেওয়া হবে দলের কর্মীদের।
ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় জেলায় পাঠানো হয়েছে৷ মনোনয়ন জমা দেওয়ার কাজ নজরে রাখার জন্য৷ পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ করানোর জন্য আগেই বার্তা দিয়েছে শাসক দল। যদিও একাধিক জায়গা থেকে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে নানা অশান্তির খবর এসেছে৷ তাই এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেনমমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় একসঙ্গে কাকদ্বীপে রাজনৈতিক সমাবেশে হাজির ছিলেন৷ আগামী ২৪ বা ২৫ তারিখ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে সভা করতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। এরই মধ্যে দলের পঞ্চায়েত রণকৌশল নিয়ে বৈঠক করতে চলেছেন শাসক দলের নেতারা।পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বঞ্চনাকে ইস্যু করে যে ভোটে যাবে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার স্পষ্ট। বিশেষ করে অভিষেক বন্দোপাধ্যায় তাঁঁর জনসংযোগ কর্মসূচির বিভিন্ন সভায় এই বিষয়ের উল্লেখ করেছেন৷
এমন কি, বিভিন্ন গ্রামে মানুষের সঙ্গে কথা বলতে গিয়েও কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছেন বলে উল্লেখ করেছেন অভিষেক৷ এবার এই কেন্দ্রীয় বঞ্চনাকে গ্রামে গ্রামে আগামী কয়েকদিন প্রচারে ব্যবহার করতে চায় শাসক দল। এর পাশাপাশি প্রার্থী হিসেবে টিকিট না পেয়েও দলের অনেকে নির্দল হিসেবে ভোটে লড়াই করছেন। বেশ কিছু জায়গায় তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে, তা নিয়েও দলের কৌশল কী হবে তা আজ আলোচনায় উঠে আসতে পারে।সামগ্রিক ভাবে গ্রামের ভোট পেতে কোমর বেঁধে লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস।
