লড়াই জমজমাট! সৃজিতের ‘দুর্গে রহস্য’র প্রথম ঝলকে শুধুই ব্যোমকেশ-সত্যবতীর প্রেম

লড়াই জমজমাট! সৃজিতের ‘দুর্গে রহস্য’র প্রথম ঝলকে শুধুই ব্যোমকেশ-সত্যবতীর প্রেম

ব্যোমকেশ নিয়ে দেব-সৃজিতের ঠাণ্ডা লড়াই যেন থেমেও থামছে না! নতুন প্রোজেক্টের জন্য জুটি বাঁধছেন দেব-সৃজিত, চলতি মাসের শুরুতে এই খবর সামনে আসবার পর মনে হয়েছিল এবার বোধহয় ব্যোমকেশ লড়াই থিতু হল, কিন্তু কোথায় কী! দু-দিন আগে দেব সামনে এনেছেন ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য়’-এর টিজার। ওমনি চটজলদি ‘দুর্গে রহস্য’র প্রথম ঝলক এনে হাজির করলেন সৃজিত। ঠিক যেন কড়া বার্তা দিয়ে পরিচালক বলছেন- ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’।

কমবেশি একই সময়ে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একই গল্প নিয়ে ব্যোমকেশ তৈরি করছেন দুই পরিচালক বিরসা দাশগুপ্ত ও সৃজিত মুখোপাধ্যায়। যদিও মাধ্যম আলাদা। বড় পর্দার জন্য ‘সত্য়ান্বেষী’ ব্য়োমকেশ দেব আর ওটিটি প্ল্যাটফর্মে সেই ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। দেবকে প্রথমবার বাঙালির আইকনিক গোয়েন্দা চরিত্রে দেখবে দর্শক, অন্যদিকে ওটিটিতে ব্যোমকেশ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত আগেই করেছেন অনির্বাণ।

রবিবার হইহই প্ল্য়াটফর্মের ‘দুর্গে রহস্য়’র ফার্স্ট লুক সামনে এল। সত্যান্বেষী ব্যোমকেশের রোম্যান্টিক দিক ফুটে উঠল এই ছবি। ভরা মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সত্যবতীর আগলে রয়েছে ব্যোমকেশ। পরনে সাদা গেঞ্জি আর ঢলা প্যান্ট। গেঞ্জির উপর সিঁদুরের দাগ। পাশে সাদামাটা লাল-সাদা হ্যান্ডলুম শাড়িতে সত্যবতী সোহিনী। দুর্গের ভিতর হাঁটছেন দুজনে, বউকে কিছু একটা দেখাচ্ছেন সত্যান্বেষী। ছবির বিবরণীতে লেখা- ‘দুর্গের অলিগলিতে দুজনের প্রেম, আমাদের ব্যোমকেশ ও সত্যবতী!’

এতদিন ‘ব্যোমকেশ’ অনির্বাণের পাশে সত্যবতী হিসাবে দর্শক দেখেছে ঋদ্ধিমাকে। তবে বাস্তবে অন্তঃসত্ত্বা ঋদ্ধিমা এই সিরিজের অংশ নন। সোহিনীর চেয়ে তাঁকেই সত্যবতী হিসাবে মানাত, ফার্স্ট লুক দেখে মত অনেকের। সৃজিতের ব্যোমকেশে অজিতের ভূমিকায় থাকছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়। এদিন শ্যুটিং-এর মনিটর থেকে ফ্রেমবন্দি করা ব্যোমকেশ ও অজিতের একটি দৃশ্য ইনস্টাগ্রামে ভাগ করে নেন সৃজিত। সঙ্গে ছোট ছোট হ্য়াশট্যাগে ফের জানান, নিজের শর্তেই ব্যোমকেশ বানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুরুতে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য়’ ছবিটি পরিচালনা করবার কথা ছিল সৃজিতের। তবে সহ-প্রযোজক ও অভিনেতা হিসাবে দেব এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হলে সরে দাঁড়ান সৃজিত। কারণ দেবকে ব্যোমকেশ হিসাবে মেনে নিতে না-রাজ পরিচালক। তিনি অনড় ছিলেন অনির্বাণকেই এই চরিত্রে কাস্ট করতে হবে। সেই দল থেকে বেরিয়ে নিজের পছন্দের নায়ককে নিয়ে হইচই প্ল্য়াটফর্মে দুর্গ রহস্যকে ওয়েব সিরিজ আকারে তৈরি করেছেন সৃজিত। জানা গিয়েছে কমবেশি একই লোকেশনে হয়েছে ব্যোমকেশের আসন্ন ছবি ও সিরিজের শ্যুটিং।

এখনও পর্যন্ত সৃজিতের সিরিজের টিজার প্রকাশ্যে আসেনি, তবে আগামী ১৮ই জুলাই ‘দুর্গে রহস্য’ নিয়ে বড় ঘোষণা সারবেন নির্মাতারা। আগামী ১১ই অগস্ট বক্স অফিসে মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিণীর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য়’। তার আগে কোন চমক দেবেন সৃজিত অ্যান্ড কোম্পানি, সেটাই দেখবার।

(Feed Source: hindustantimes.com)