
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (India Asia Cup 2023 Squad) দল ঘোষণা করে দিয়েছে অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের আগুনে স্কোয়াডই হয়েছে রোহিত শর্মাদের (Rohit Sharma)। যদি বোলিং ব্রিগেড দেখা যায়, তাহলে সেখানে রয়েছেন চার পেসার- জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। হার্দিক পাণ্ডিয়া ও শার্দূল ঠাকুরকেও নেওয়া হয়েছে। স্পিনারদের মধ্যে রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। একথা বলার অপেক্ষা রাখে না যে, এশিয়া কাপের এই দলটাই কম-বেশি প্রায় একই থাকবে বিশ্বকাপে। কিছু অদলবদল ঘটতে পারে। ঘটনাচক্রে এই দলে অলরাউন্ডারের সংখ্যা কম। ব্যাটারদের আধিক্য, যাঁরা বল করতে পারেন না। এবং বোলাররা ব্যাট করতে পারেন না।
এই ভাবনা থেকেই এক সাংবাদিক রোহিতকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি বোলারদের নিয়ে কী ভাবছেন। যার উত্তরে রোহিত বলেন, ‘দেখুন রাতারাতি কাউকে বোলার বানিয়ে দেওয়া যায় না। এখানে সেই ব্যাটাররাই রয়েছে, যাঁরা রান করেছে। আমাদের হাতে যা আছে, তাই নিয়েই দল করেছি। সেরার সেরারাই খেলছে। তারা পারফর্ম করেই টিমে এসেছে। আশা করি শর্মা ও কোহলি বল করবে।’ যা শুনে পাশে বসা আগরকর হেসে বলেন, ‘হ্যাঁ, আমরা ওদের রাজি করিয়েছি।’ এরপরই সাংবাদিক বৈঠকে হাসির রোল ওঠে। ঘটনাচক্রে বিরাট এবং রোহিত দু’জনেই বিভিন্ন সময় বল করেছেন। বিরাটের সীমিত ওভারের ক্রিকেটে রয়েছে ৮ উইকেট। অন্যদিকে রোহিত তিন ফরম্যাট মিলিয়ে পেয়েছেন ১১ উইকেট।
এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে।
ভারতের এশিয়া কাপের দল: রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন।
(Feed Source: zeenews.com)
