
সম্প্রতি কর্পোরেট দুনিয়ায় বিতর্কের কেন্দ্রে রয়েছেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। একটি পডকাস্ট শোয়ে তাঁর মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেই পডকাস্ট শোয়েরই অ্যাঙ্কর ছিলেন মোহনদাস পাই। ওই পডকাস্টেই নারায়ণ মূর্তি বলেন তরুণদের সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা উচিত। তবে একইসঙ্গে আরও একটি কথাও বলেন নারায়ণ মূর্তি। যা কর্পোরেট দুনিয়ার অনেকেই গুরুত্ব দিয়ে দেখছেন। পডকাস্ট শোয়ের এক জায়গায় নারায়ণ মূর্তিকে বলতে শোনা যায় ‘আমার সবচেয়ে বড় দুঃখ তোমাকে ইনফোসিসের প্রতিষ্ঠাতা হিসেবে না পাওয়া।’ মোহনদাস পাইকে উদ্দেশ্য করেই এই কথা বলেন নারায়ণ মূর্তি। কেন তিনি এ কথা বলছেন, তাও স্পষ্ট করে দেন পরবর্তী মন্তব্যে। নারায়ণ মূর্তি বলেন, সংস্থার উন্নতিতে তোমার অনেক অবদান। ইনফোসিস আজ যেখানে দাঁড়িয়ে তা আমার নিজের চেষ্টায় সম্ভব হত না। নারায়ণ মূর্তির মুখে প্রশংসা শুনে হাসিমুখে থাকতে দেখা যায় মোহনদাস পাইকে।
কেন এই কথা বললেন নারায়ণ মূর্তি?
প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, মোহনদাস পাই ছিলেন ইনফোসিসের চিফ ফিনান্সিয়াল অফিসার। সংক্ষেপে সিএফও। সংস্থার আর্থিক লেনদেন ও মুনাফা সংক্রান্ত বিষয়ে নজর রাখাই এই পদের প্রধান দায়িত্ব। এই দিন কথায় কথায় নারায়ণ মূর্তিকে বলতে শোনা যায়, এই দায়িত্বই অসাধারণভাবে পালন করেছেন মোহনদাস। মোহনদাসের দক্ষতায় ইনফোসিসের অনেকটাই উন্নতি হয়েছে। বিশ্বের বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ টেক জায়ান্ট হিসেবে জায়গা করে নিয়েছে নারায়ণ মূর্তির এই সংস্থা। সেই প্রসঙ্গেই তিনি বলেন ‘আমার সবচেয়ে বড় দুঃখ তোমাকে ইনফোসিসের প্রতিষ্ঠাতা হিসেবে না পাওয়া।’
প্রসঙ্গত, নারায়ণ মূর্তির সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার পরামর্শ নিয়ে কম জলঘোলা হয়নি। ৩০ বছরের কম বয়স যাদের, তাদের এমন পরামর্শ দেন নারায়ণ মূর্তি। তাঁর কথায় দেশের উৎপাদন বাড়াতে হলে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা উচিত তরুণদের। এই নিয়ে জলঘোলা এখনও। টুইটারে বিভিন্ন সংস্থার কর্তারাও এই নিয়ে তরজায় মেতেছেন। তবে এর মাঝেই মোহনদাস পাইকে দেখা গিয়েছে নারায়ণ মূর্তির পক্ষে কথা বলতে। তার ৭০ ঘন্টা কাজ করার উক্তিকে সমর্থনই করেছেন মোহনদাস।
(Feed Source: hindustantimes.com)
