
প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরইমধ্য়ে প্রথমে দলীর কর্মীদের নিয়ে বাসে করে দিল্লিতে নিয়ে যাওয়া, এরপর, রাজঘাটে তৃণমূল সাংসদ ও বিধায়কদের ধর্না,আর তার পর, কৃষি ভবনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্ব ঘিরে ধুন্ধুমারকাণ্ড। কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চিত করার অভিযোগে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে জল আগেই গড়িয়েছে দিল্লির দরজা পর্যন্ত। আর ফের একবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের দশ জন সাংসদ।
১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা ও স্বাস্থ্য খাতে কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রাজ্য়ের। গত বছর ৫ অগাস্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাত নম্বর লোককল্যাণ মার্গে প্রায় ৪৫ মিনিট ধরে বৈঠক হয়েছিল দু’জনের। বাংলার মিষ্টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর চলতি সপ্তাহের বুধবার ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। সূত্রের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য সহ দাবি-দাওয়া পেশ করবেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবেন বলেও খবর।
এদিকে আগামীকাল দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র চতুর্থ বৈঠক। রাজধানীতে একগুচ্ছ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ধেয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর দেখা করার কথা। আগামীকাল বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোটের আগের বৈঠকের আগে আসন সমঝোতা নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আসন সমঝোতা নিয়ে আগেই আলোচনা হয়েছে। কালকের বৈঠকে এই নিয়ে আরও আলোচনার উপায় রয়েছে। সবাই আসন সমঝোতা চায়, আলোচনা না করে আমি কারও ওপরে আমার সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না।তবে আসন সমঝোতা খুব সহজ কাজ নয়, তবে খুব দেরি হয়ে যায়নি।একটা-দুটো রাজনৈতিক দল হয়তো একমত হবে না।তবে অনেকগুলি দল যদি আসন সমঝোতা নিয়ে একমত হয়, তখন সবাই চলে আসবে।’’
(Feed Source: abplive.com)
