
কলকাতা: সিনেমাপাড়ার পরে এবার ছোটপর্দা। আরজি কর কাণ্ডের ন্যায়বিচার চেয়ে এবার পথে নামবেন ছোটপর্দার সমস্ত অভিনেত্রী ও কলাকুশলীরা। আগামী ২৫ অগাস্ট, ইন্দ্রপুরী স্টুডিওতে জমা হওয়ার কথা ধারাবাহিকের সমস্ত কলাকুশলীদের। এরপরে ইন্দ্রপুরী স্টুডিও থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত একটি লম্বা মিছিল করবেন ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। সোশ্যাল মিডিয়ায় এই কথা শেয়ার করে নেওয়া হয়েছে বিভিন্ন কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীদের তরফ থেকে।
এর আগে মিছিলের ডাক দিয়েছিল টলিউড। অবশ্য কেবল টলিউড নয়, সিনেমার সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরই আহ্বান করেছিল এই মিছিল। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন,ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন সহ অন্যান্যরা। সেই মিছিলে ছিলেন ছোটপর্দার বিভিন্ন কলাকুশলীরাও। এছাড়াও ছোটপর্দার শিল্পীরা নিজেদের মতো করেই প্রতিবাদে সামিল হয়েছিলেন। প্রতিবাদে সামিল হয়েছিলেন সঙ্গীত শিল্পীরাও। এবার পালা ছোটপর্দার শিল্পীদের। তাঁরা মিছিল করবেন, ২৫ অগাস্ট, অর্থাৎ আগামী রবিবার।
আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় ১২ দিন পার। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাত্র ১জনকে। যদিও এখনও ধৃত সঞ্জয় রায়ের কোনও অপরাধ প্রমাণিত হয়নি। মামলায় দায়িত্ব কলকাতা পুলিশের হাত থেকে চলে গিয়েছে সিবিআইয়ের হাতে। মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজের হাসপাতালে পাহারায় রয়েছেন সিআরএসফেরের আধিকারিকরা। গত ১৪ তারিখ রাতে আরজি করে যে হামলা হয়, তারপরে সুপ্রিম কোর্টের অর্ডারে কেন্দ্রীয় বাহিনী হাতে এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের।
(Feed Source: abplive.com)
