যশস্বীর দেখানো পথে শতরান হার্দিকের, রঞ্জি ট্রফির সেমিফাইনালে চালকের আসনে মুম্বই

যশস্বীর দেখানো পথে শতরান হার্দিকের, রঞ্জি ট্রফির সেমিফাইনালে চালকের আসনে মুম্বই

প্রথম দিনে ভিত গড়েন যশস্বী জসওয়াল। দ্বিতীয় দিনে সেই ভিতে শক্তপোক্ত ইমারত গড়েন হার্দিক তামোরে। লোয়ার অর্ডারে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন শামস মুলানি। সব মিলিয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে জাঁকিয়ে বসেছে মুম্বই।

জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামা মুম্বই প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছিল। তার পর থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৯৩ রানে।

যশস্বী প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন। তিনি ১৫টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে আউট হন। দ্বিতীয় দিনে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তামোরে। তিনি ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৫ রান করে মাঠ ছাড়েন। মুলানি ৫০ রান করে আউট হন। তনুষ কোতিয়ান ২২ রানের যোগদান রাখেন।

উত্তরপ্রদেশের হয়ে প্রথম ইনিংসে ৪৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন করণ শর্মা। ১০৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন সৌরভ কুমার। এছাড়া যশ দয়াল ২টি ও শিবম মাভি ১টি উইকেট নেন।

পালটা ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তারা দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে। মাধব কৌশিক ১১ রানে অপরাজিত রয়েছেন। ১০ রানে ব্যাট করছেন করণ। সামর্থ সিং খাতা খুলতে পারেননি। প্রিয়ম গর্গ ৩ রানে সাজঘরে ফিরেছেন। মুম্বইয়ের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ধাওয়াল কুলকার্নি ও তুষার দেশপান্ডে। আপাতত দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের থেকে ৩৬৮ রানে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।

(Source: hindustantimes.com)