Bollywood News: ‘একদম অন্য মানুষ’! মেয়ে হওয়ার পর নাকি পাল্টে গিয়েছেন রণবীর, দাবি দিদি ঋদ্ধিমার

Bollywood News: ‘একদম অন্য মানুষ’! মেয়ে হওয়ার পর নাকি পাল্টে গিয়েছেন রণবীর, দাবি দিদি ঋদ্ধিমার

Bollywood News: মেয়ের কাছে এলেই রণবীরের চোখ যেন জ্বলজ্বল করে ওঠে। এটা আমি স্পষ্ট দেখেছি। একদম আলাদা মানুষ হয়ে যায়।

পাল্টে গিয়েছেন রণবীর কাপুর। এখন তিনি একদম অন্য মানুষ। হ্যাঁ, মেয়ে রাহা-ই পাল্টে দিয়েছে তাঁকে। এমনটাই বলছেন, রণবীরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভাই রণবীরকে কীভাবে একরত্তি রাহা পাল্টে দিল সেই নিয়ে মুখ খুলেছেন তিনি। ঋদ্ধিমা বলছেন, “রণবীর এখন নতুন মানুষ।”

গালাটা ইন্ডিয়া-কে ঋদ্ধিমা বলেন, “মেয়ের কাছে এলেই রণবীরের চোখ যেন জ্বলে ওঠে। এটা আমি স্পষ্ট দেখেছি। একদম আলাদা মানুষ হয়ে যায়। অন্য সময় একদম শান্ত, ভয়ডরহীন, যাকে বলে ‘কুল’। কিন্তু ক্যামেরার সামনে এলে আর মেয়েকে দেখলে ওর মধ্যে আকাশপাতাল পরিবর্তন হয়ে যায়।”

রণবীর-আলিয়ার মেয়ে রাহাকে নিয়ে উচ্ছ্বসিত ঋদ্ধিমা। আগেও একাধিক সাক্ষাৎকারে এই উচ্ছ্বাস ধরা পড়েছে। অনুষ্কা আরোরাকে একবার তিনি হাসতে হাসতে বলেছিলেন, “এত মিষ্টি, মনে হয় খেয়ে ফেলি। এত কিউট। ভিডিও কলেই আমাদের কথা হয়। কারণ আমি দিল্লিতে থাকি। আর ওঁরা মুম্বইয়ে। মাঝেমধ্যেই ভিডিও কল করে। আমার কুকুরকে রাহা খুব পছন্দ করে। আমার একটা Shih Tzu আছে। ওর নাম কিলিয়ান। কিন্তু রাহা উচ্চারণ করতে পারে না। বলে কিলি বু, কিলি আম, বু কিলি আম। এত সুন্দর লাগে। খুব মিষ্টি। আমি আর থাকতে পারি না। মনে হয় একছুটে ওর কাছে চলে যাই। আহা আমার সোনা, খুব কিউট।”

ঋদ্ধিমার মতে, রণবীর আর আলিয়ার অনেক স্বভাবই রাহা পেয়েছে। চেহারাতেও “সবার এক্টু একটু করে ছাপ আছে।” এই প্রসঙ্গে নিজের মেয়ের কথাও বলেন ঋদ্ধিমা। তাঁর কথায়, “সামারা-কে অনেকটা আমার ভাইয়ের মতো দেখতে। শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি। সামারা আমার ভাই, আমার স্বামী, আমার বাবা আর আমার মায়ের মতো। রাহা অনেকটাই আলিয়ার মতো দেখতে। তবে রণবীরের ছাপও আছে। খুব মিষ্টি, খুব সুন্দর, খুব কিউট।”

এদিকে নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির একটি শিডিউল শেষ করেছেন রণবীর। এই ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। রাম-সীতার ভূমিকায় দুই অভিনেতার কিছু ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবিতে না কি কেজিএফ খ্যাত যশকে রাবণের ভূমিকায় দেখা যাবে। সানি দেওল হনুমানের চরিত্রে অভিনয় করছেন। তবে এসবই জল্পনা কল্পনা। আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।