
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় দু’দিন ধরে চলেছে আইপিএল মেগা নিলাম (IPL 2025 Auction)। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির নাম উঠেছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। নাম ছিল গুজরাতের উইকেটকিপার ব্যাটার উরভিল প্যাটেলেরও (Urvil Patel)। কিন্তু নিলামে তাঁকে নেওয়ার কথা কোনও দলই ভাবেনি। তবে নিলামের ৪৮ ঘণ্টার ভিতরেই প্রত্যাখ্যানের প্রত্যুত্তর দিলেন উরভিল। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দ্বিতীয় শতরানকারী হিসেবে নিজের নাম লিখিয়ে ফেললেন উরভিল।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে ১০০ করে চমকে দিলেন উরভিল। এখন তিনিই ভারতের দ্রুততম শতরানকারী ভারতীয় ক্রিকেটার হয়ে গেলেন। গুজরাত টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছিল। জবাবে ১১ ওভারের মধ্য়ে জয়ের রান তুলে ফেলে হাতে আট উইকেট রেখে। উরভিল একাই ত্রিপুরার বোলারদের গিলে ফেলেন। ৩৫ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন উরভিল। ১২টি ছয় ও ৭টি চারে উরভিল ব্য়াট করেছেন ৩২২.৮৬-এর স্ট্রাইক রেটে।
উরভিল আগে ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল ঋষভ পন্থের। ২০১৮ সালের সৈয়দ মুস্তাক আলিতে হিমাচলের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন তিনি। পন্থ সেঞ্চুরি করতে নিয়েছিলেন ৩২ বল। আজ পন্থ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়েন্টস ব্যাংক ভেঙে ফেলেছে তাঁকে নিতে! ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে এলএসজি ২৭ কোটি টাকা দিয়ে শুধু পন্থকেই নিয়েছে। সেই পন্থের রেকর্ডই ভেঙে দিলেন উরভিল।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানকারী হিসেবে এখনও সহিল চৌহানের নাম লেখা রয়েছে। তিনি চলতি বছরই সাইপ্রাসের বিরুদ্ধে এস্তোনিয়ার হয়ে ২৭ বলে ১০০ করেছিলেন। এরপর থাকবেন উরভিল। তিনে আছেন টি-২০ ক্রিকেটের রাজা ক্রিস গেইল। ২০১৩ সালের আইপিএলে তিনি ৩০ বলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে শতরান করেছিলেন। ২০২৩ সালে উরভিলকে নিয়েছিল গুজরাত টাইটান্স। যদিও এবারের নিলামের আগে উরভিল ছেড়ে দিয়েছিল। নিলামে উরভিল ছিলেন ৩০ লাখ টাকার বেস প্রাইজে। কিন্তু সেই টাকাও কেউ দেয়নি তাঁকে।
(Feed Source: zeenews.com)
