
Extra Marital Affair: পরকীয়ার ‘শাস্তি’! গাছে বেঁধে যুবক-যুবতীকে গণধোলাই, তারপর যা ঘটল মুর্শিদাবাদে!
মুর্শিদাবাদ: পরকীয়া সন্দেহের জেরে তুলকালাম ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। একজোড়া যুবক-যুবতীকে রীতিমতো গাছে বেঁধে গণধোলাই দিল এলাকার মানুষ। দিনে দুপুরে হাতেনাতে ধরা পরে যায় ওই যুবক যুবতীর কীর্তি। তারপরেই সমাজের মাতব্বররা নেমে পড়েন শাস্তি বিধানে।
ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার কেদারতলা এলাকায়। এদিন পরকীয়ায় লিপ্ত থাকার সন্দেহ থেকেই দুজনের উপর চড়াও হন এলাকার মানুষ-জন। শুধু মারধরই নয়, রীতিমতো ওই দুই ছেলে-মেয়েকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে গ্রামে ঘোরান গ্রামের মাতব্বররা।
স্থানীয় সূত্রে জানা যায় ছেলেটির বাড়ি হরিহরপাড়ার লালনগর এলাকায়। নাম, সাদ্দাম শেখ। মেয়েটির বাড়ি কেদারতলা এলাকায়। নাম, বুলটি বিবি। জানা যায় ওই মহিলার একটি সন্তানও রয়েছে । স্বামী বিদেশে শ্রমিকের কাজ করেন। বুলটি বিবির সঙ্গে ফোনেই আলাপ হয় লাল নগর এলাকার সাদ্দাম শেখের। তার সঙ্গে মাঝেমধ্যেই রাতের বেলায় চার চাকা গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বাড়িতে ফিরতেন বুলটি।
সেই মতো বৃহস্পতিবার রাতের পর ওই মহিলাকে বাড়িতে রাখতে আসার সময় গ্রামের মানুষজন দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। এরপরে তাঁদের গাছে বেঁধে চলে গণধোলাই। দিনের বেলায় দুজনকে দড়ি দিয়ে বেঁধে একসঙ্গে গ্রামে ঘোরানোও হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা অব্দি ওই এলাকাতে তাদের গাছে বেঁধে রাখে। শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া থানার পুলিশ কেদারতলা এলাকা থেকে উদ্ধার করে ছেলে মেয়ে দুজনকে নিয়ে যায় থানায়।
প্রণব রাকিবুল
(Feed Source: news18.com)
