
এর আগে শোনা গিয়েছিল, ঘাড়ে ব্যথার জন্য সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে খেলবেন না বিরাট৷
নয়াদিল্লি: ২০১২ সালের পর আবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন বিরাট কোহলি৷ ইতিমধ্যেই দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বিরাট৷ আগামী ৩০ জানুয়ারি থেকে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ রয়েছে দিল্লির৷ ১৩ বছর পর সেই ম্যাচেই ফের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন বিরাট৷
এর আগে শোনা গিয়েছিল, ঘাড়ে ব্যথার জন্য সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির ম্যাচে খেলবেন না বিরাট৷ তবে দিল্লির কোচ শরণদীপ সিং পিটিআই-কে জানিচয়েথেন, রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে নিজেই দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতিকে জানিয়েছেন বিরাট৷
অস্ট্রেলিয়ায় সিরিজ হারের পরই চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে বলে ফতোয়া জারি করেছে বিসিসিআই৷ চোট না থাকলে বোর্ডের চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতেই হবে বলে জানিয়ে দিয়েছে সর্বভারতীয় ক্রিকেট সংস্থা৷
২০১২ সালে উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে শেষ বার দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন বিরাট৷ বিসিসিআই-এর নির্দেশের সৌজন্যে রঞ্জি ট্রফির লিগ পর্যায়ের শেষ দুই রাউন্ড রীতিমতো তারকাখচিত হয়ে উঠেছে৷
কারণ বিরাট না খেলতে পারলেও রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামবেন ঋষভ পন্থ৷ রেলের বিরুদ্ধে ম্যাচেও বিরাটের সঙ্গে দিল্লি দলে থাকার কথা ঋষভের৷ আবার জম্মু কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও৷ শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজারাও নিজের নিজের রাজ্যের রঞ্জি দলের হয়ে মাঠে নামবেন৷
