ছেলে বউয়ের কথা মতো ওঠাবসা করলে সমস্যা হয়ই! আলিয়া-রণবীর নিয়ে এ কী বলছেন নীতু

ছেলে বউয়ের কথা মতো ওঠাবসা করলে সমস্যা হয়ই! আলিয়া-রণবীর নিয়ে এ কী বলছেন নীতু

#মুম্বই: ফের অভিনয় জগতে প্রত্যাবর্তন করেছেন অভিনেত্রী নীতু কাপুর। শুক্রবার মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবানির ছবি যুগ যুগ জিও। এই ছবিতেই অভিনয় করেছেন নীতু। এই ছবিতে মানুষের সম্পর্ক, বিয়ে, পরিবারের সঙ্গে বোঝাপড়া, ডিভোর্স ইত্য়াদি বিষয় উঠে আসছে। তাই নীতুও বেশ নস্ট্যালজিক। কাপুর পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে সম্পর্কের ওঠাপড়া নিয়ে তাঁরও বহু কথাই মনে পড়ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী ঋষি কাপুর ও শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুর সম্পর্কে কথা বলেন নীতু। পাশাপাশি জানান, রণবীর কাপুর কী ভাবে আলিয়া ভাটকে বিয়ের পরে মা ও স্ত্রীর মাঝে সম্পর্কের সমতা বজায় রাখছেন।

৯ বছর পরে ফের অভিনয়ে ফিরেছেন নীতু। তিনি বলছেন, “একজন অভিনতা, সারা জীবন অভিনেতাই থাকেন। কিন্তু অনেকটা আত্মবিশ্বাস লাগে। আমি সেটা হারিয়ে ফেলেছিলাম কারণ এতদিন অভিনয় থেকে দূরে ছিলাম। তার পরে আমি আমার স্বামীকে হারালাম। এই ছবির কাজ শুরুর সময়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু এখন আমার মধ্যে আত্মবিশ্বাস আছে। আমি পারব এবং আরও কাজ করব।”সব মিলিয়ে নিজেকে কাজে ব্যস্ত রাখতে চান নীতু।

কিছুদিন আগেই ছেলে রণবীর বিয়ে করেছেন আলিয়াকে। আলিয়া সম্পর্কে নীতু বলছেন, “আলিয়ার সঙ্গে আমার সম্পর্ক কেমন, লোকে প্রায়ই জিজ্ঞাসা করে। আমার সঙ্গে আমার শাশুড়ির যেমন ছিল, একদম তেমনই। ও খুব ভাল সহজ, সরল এবং দুর্নীতি মুক্ত একটা মানুষ।”

শাশুড়ি বউমা সম্পর্ক নিয়েও কথা বলেছেন নীতু। তাঁর কথায়, “শাশুড়ি ও বউমার সম্পর্ক কেমন হবে তার দায়িত্ব ছেলের উপর থাকে। কারণ প্রথমে মাকে খুব ভালবাসো। তার পরে যখন জোরু কা গুলাম হয়ে যায় বা স্ত্রীর কথা মতো ওঠে বসে তখন মায়েদের সমস্যা হয়। মা ও স্ত্রীকে ভালবাসায় সমতা বজায় রাখলে সব ভালই হয়।”

রণবীর কি পারছে এই সমতা বজায় রাখতে? এই বিষয় অভিনেত্রী বলেছেন, “আমার এসব কিছুই মনে হয় না। কারণ আমার ছেলে খুব বুদ্ধিমান। ও সমতা বজায় রাখতে পারে। ও সারাদিন মা মা করে না। পাঁচ দিনে একবার ফোন করে জিজ্ঞাসা করে আমি ঠিক আছি কি না। ওর জন্য ওটাই অনেক।”

Published by:Swaralipi Dasgupta

(Source: news18.com)