ISL: লিস্টনের বিশ্বমানের গোলে মোহনবাগানের জয়, লিগ শিল্ডের আরও কাছে মেরিনার্স

ISL: লিস্টনের বিশ্বমানের গোলে মোহনবাগানের জয়, লিগ শিল্ডের আরও কাছে মেরিনার্স

Mohun Bagan vs Bengaluru: অবশেষে বেঙ্গালরুর বিরুদ্ধে প্রতিশোধ নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে বেঙ্গালুরু এফসি-র কাছে ০-৩ গোলে পরাস্ত হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। সেই হারের জবাব ঘরের মাঠে দিলেন কোচ হোসে মোলিনা। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ ব্যবধানে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি করলেন লিস্টন কোলাসো। তবে ম্যাচসেরার স্বীকৃতি পেলেন আপুইয়া।

এই ম্যাচটি মোহনবাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আগের দুটি ম্যাচে জয় অধরা থাকায় কিছুটা চাপেও ছিল মোহনবাগান। জামশেদপুর এফসি-র সঙ্গে ১-১ এবং চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ০-০ গোলে ড্র করেছিল সবুজ মেরুন ব্রিগেড। তাই বেঙ্গালুরু ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল মোলিনার ছেলেরা। শেষপর্যন্ত কাঙ্খিত জয় পেল মেরিনার্সরা। এই জয়ের ফলে বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ১২।

ম্যাচের কথা বললে প্রথমার্ধে দুই দলই মাঝমাঠে বলের নিয়ন্ত্রণের লড়াই চালিয়ে যায়, কিন্তু উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি। বিরতির আগে সুনীল ছেত্রী একটি সহজ সুযোগ নষ্ট করেন। যদি এমনটা না হত তাহলে পিছিয়ে পড়ত মোহনবাগান। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭৪তম মিনিটে গ্রেগ স্টুয়ার্টের সেন্টার থেকে রাহুল ভেকে হেড করলে, তা বক্সের বাইরে থেকে দুরন্ত ভলিতে জালে জড়ান লিস্টন কোলাসো। ২০ গজ দূর থেকে নেওয়া এই শট ম্যাচের সেরা মুহূর্ত হয়ে রইল।

দেখুন লিস্টন কোলাসোর সেই বিশ্বমানের গোল-

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট লিগের শীর্ষস্থানটা আরও বেশি মজবুত করল। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে তারা ৭ পয়েন্টে এগিয়ে গেল। যদিও মোলিনার ছেলেরা ম্যাচে সেরা ফুটবল উপহার দিতে পারেনি বলেই অনেকে মনে করছেন। তবে দিনের শেষে জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিনের জয়ের ফলে লিগ শিল্ড জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট।

(Feed Source: hindustantimes.com)