Madhyamik Exam 2025: দুই মিনিটের জন্য বাস ফেল, মাধ্যমিক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

Madhyamik Exam 2025: দুই মিনিটের জন্য বাস ফেল, মাধ্যমিক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

West Bengal Secondary Education: মাত্র ২ মিনিট দেরির জন্য বাস ফেল করেছিল বেলপাহাড়ির লালজলের এক মাধ্যমিক পরীক্ষার্থী। বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। শান্ত মেজাজে গণিতের পরীক্ষা দিল পরীক্ষার্থী।

মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবার সঙ্গে পুলিশ কর্মী

ঝাড়গ্রাম: বাড়ি থেকে বাস স্টপেজে পৌঁছতে মাত্র দেরি হয়েছিল ২ মিনিট। ২ মিনিট দেরিতেই হাতছাড়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থীর বাস। জীবনের সবচেয়ে বড় পরীক্ষার অঙ্ক পরীক্ষার দিনে ২ মিনিটের হের ফেরে ৯-৬ হয়ে যেত পুরো একটা বছর পরিশ্রম। কিন্তু মুশকিল আসান হয়ে দাঁড়ালও পুলিশ। পাহাড়ি এলাকা থেকে বাইকে করে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ।

বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি ফাঁড়ির লালজল এলাকার পার্বতী মাহাতো নামের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বেলপাহাড়ির এসসি হাইস্কুলে। ৯টা বেজে ১০ মিনিটে পুরুলিয়া থেকে ঝাড়গ্রামগামী একটি বাস ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু লালজল বাস স্টপেজে যখন বাবা বাদল মাহাতোর সঙ্গে পৌঁছায় তখন ঘড়ির কাঁটা ৯টা বেজে ১২ মিনিট। বাস স্টপেজে ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার তাঁদের বলে মাত্র ২ মিনিট আগেই বাসটি চলে গেল। কথাটি শোনার পরেই চোখমুখে ঘাম দেখা যায় মাধ্যমিক পরীক্ষার মুখে।

কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তৎক্ষণাৎ বিষয়টি বাশঁপাহাড়ি ফাঁড়িতে জানায়। বাঁশপাহাড়ি ফাঁড়ির ওসি শুভেন্দু রানা বিন্দুমাত্র সময় না নষ্ট করে সিভিল ড্রেসে থাকা এক পুলিশ কর্মীকে বাইক দিয়ে পাঠায় পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য। লালজল থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর বাবাকে চাপিয়ে পাহাড়ি চড়াই-উত্রায়ের পথ অতিক্রম করে পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে পৌঁছে দেয় পুলিশ।

বাঁশপাহাড়ি ফাঁড়ির ওসি শুভেন্দু রানা বলেন,”বাস ফেল করা পরীক্ষার্থীকে আমরা বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি ।উনি এখন পরীক্ষা দিচ্ছেন। আগামী দিনে কারও কোনও সমস্যা হলে থানায় যোগাযোগ করলে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব”।

পরীক্ষার্থীর বাবা বাদল মাহাতো বলেন,”বাস স্টপেজে আসতে মাত্র ২ মিনিট দেরি হয়েছিল । তাতেই বাসটা চলে গেছিল। খুব চিন্তায় পড়েছিলাম মেয়ে বোধহয় আজ পরীক্ষা দিতে পারবে না। কিন্তু পুলিশ বাইকে করে আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। আমার মেয়ে এখন পরীক্ষা দিচ্ছে। পুলিশকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই”।

বুদ্ধদেব বেরা

(Feed Source: news18.com)