
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর টিম ইন্ডিয়া জিতল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ( ICC Champions Trophy 2025), এবার প্রতীক্ষা আইপিএলের (IPL 2025)। দেশ-বিদেশের ক্রিকেট ভক্তরা সারা বছর এই টুর্নামেন্টের অপেক্ষায় থাকেন।
আগামী ২২ মার্চ আইপিএলের বোধন। হাতে আর দু’সপ্তাহ নেই। ১৮তম সংস্করণের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। অজিঙ্কা রাহানেরা খেলবেন রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
পুরো আইপিএল জুড়েই একাধিক ক্রিকেটারের দিকে নজর থাকবে। তবে চর্চায় থাকবেন ২৬ বছরের এক পাঞ্জাবি ভারতীয় তারকাও। যিনি রোহিত শর্মার দলের হয়ে গতবছর জুনে জিতেছেন টি-২০ বিশ্বকাপ। যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারিও হয়েছিলেন। ২০২২ সালে তিনিই ছিলেন কুড়ি ওভারের বিশ্বকাপে ভারতের সর্বাধিক উইকেট শিকারি।
আট মাসের ভিতর আবারও তিনি জিতলেন আইসিসি ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদিও তিনি ছিলেন ঋষভ পন্থদের সঙ্গে রিজার্ভ বেঞ্চে। একটি ম্যাচও খেলেননি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোধিক উইকেটশিকারি।
এখন আপনার মনের ভিতর ঘুরছে যে, কোন ক্রিকেটারের কথা হচ্ছে এতক্ষণ ধরে! যাঁর ২৬ বছরেই পরপর আইসিসি ট্রফি পাওয়া হয়ে গেল, পাশাপাশি দেশের রেকর্ডধারী বোলারও তিনি। এবার নামটি বলেই দেওয়া যাক। তিনি অর্শদীপ সিং।
আইপিএল ২০২৫ এর নিলামে প্রথম খেলোয়াড় হিসেবে এই বাঁ-হাতি পেসারের নামই ডাকা হয়েছিল। নিলামের আগে পঞ্জাব কিংস তাঁকে ছেড়ে দিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ নিলামে এই পেসারকে নিতে ১৫.৭৫ কোটি টাকা দর দিয়েছিল। এরপর প্রীতি জিন্টার টিম আরটিএম কার্ড ব্যবহার করে ১৮ কোটি টাকায় অর্শদীপকে দলে ফেরায়। দেখা যাক অর্শদীপ আইপিএলে কী ফুল ফোটান…
(Feed Source: zeenews.com)
