Nagpur Violence | Vicky Kaushal: ‘যার বউ মুসলিম, সে কী করে এটা করল!’, নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি…

Nagpur Violence | Vicky Kaushal: ‘যার বউ মুসলিম, সে কী করে এটা করল!’, নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্দার হিংসার প্রতিফলন বাস্তবে! নাগপুরে পরিস্থিতি উত্তপ্ত। আর এর জেরে কাঠগড়ায় ভিকি কৌশল। ‘ছাওয়া’ ছবিতে ঔরঙ্গজেবকে ভিলেন করে বিপাকে অভিনেতা। ইতোমধ্যেই ৫৬৫ কোটি ব্যবসা করেছে এই ছবি। তবে এই সফল ছবি ঘিরে ধুন্ধুমার নাগপুরে, এমনটাই অভিযোগ। এমনকী ভিকি কৌশলের নামে মামলার কথাও উঠেছে নেটপাড়ায়। 

শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের জীবন নিয়ে এই ছবির গল্প। এই ছবির একটা বড় অংশ জুড়ে দেখানো হয়েছে ঔরঙ্গজেবের আমলে কীভাবে হিন্দুদের উপর অত্যাচার চলত। ইতিহাস নিয়ে পড়াশোনা করা অনেকেরই অবশ্য দাবি, এই ছবিতে যে ইতিহাস দেখানো হয়েছে, তা সঠিক নয়। অনেকটাই বাড়িয়ে চড়িয়ে ইতিহাসকে অতিরঞ্জিত করার চেষ্টা চলেছে। আর এর জেরেই প্রবল সমালোচনার মুখে পড়েছেন ভিকি। 

ভিকির উপরেও বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। এক নেটিজেন লেখেন, ‘ভিকি নিজে একজন মুসলিম মহিলাকে বিয়ে করেছেন। সেখানে এরকম লো গ্রেড সিনেমা করে গোটা দেশের শান্তি বিঘ্নিত করছেন। ওর বিরুদ্ধে মামলা করা উচিত।’ অন্য এক ব্যক্তি লেখেন, ‘শুভেচ্ছা, আপনার এই সাফল্যের জন্য। অবশেষে আপনি সেটা অর্জন করলেন, যেটা আপনি চেয়েছিলেন। সারা ভারত জুড়ে ঘৃণা ছড়াতে আপনি সফল।’ 

আরেক ব্যক্তি লেখেন, ‘আমার অবাক লাগে, ভিকির কথা ভেবে। ওঁর কী কোনও বোধ নেই। যে অভিনেতা ঘৃণা ছড়ায়, মিথ্যের প্রচার করে, তাকে ঘৃণা করি’। অন্য এক নেটিজেন লেখেন, ‘একটা প্রোপাগান্ডা ছবি বানিয়েছে। ৫৫৩ কোটি কামিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছে। সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলছে। ভিকি কৌশলের মতো তৈরি হও না’। এক ব্যক্তি লেখেন, ‘বলিউডকে বয়কট করা উচিত। সিনেমায় ইতিহাস বিকৃত করার দায়ে এই মেরুদন্ডহীন ইন্ডাস্ট্রিকে আর সহ্য করা যাচ্ছে না’। 

প্রসঙ্গত মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দেওয়ার দাবি ঘিরে রণক্ষেত্র নাগপুর। বলা হয়, মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগর থেকে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে। সূত্রের দাবি, সোমবার অশান্তির সূত্রপাত বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভকে কেন্দ্র করে। অভিযোগ, ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয়। এই সংঘর্ষ সামলাতে ২৫ জন পুলিসও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জারি করা হয়েছে ১৬৩ ধারা। জারি করা হয়েছে কার্ফু। লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে সংঘর্ষকারীদের ঠেকাতে তৎপর হয় প্রশাসন। আপাতত কোনও স্থানে জমায়েত নিষিদ্ধ। শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। ইতোমধ্যেই গ্রেফতার ৩০ জনের বেশি। নাগপুরের সংঘর্ষের সঙ্গে জুড়ে গিয়েছে ভিকি কৌশলের ছবি ‘ছাওয়া’র নাম। ‘ছাওয়া’ দেখার পরেই নাকি ঔরঙ্গজেবের সমাধি ভাঙতে লাঠি হাতে বেরিয়ে পড়ে একদল লোক, এমনটাই অভিযোগ ওঠে নেটপাড়া। 

(Feed Source: zeenews.com)