John Abraham: নিজের প্রথম ছবির মহরতে গিয়ে প্রবেশের অনুমতিই পাননি জন! এ কোন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন

John Abraham: নিজের প্রথম ছবির মহরতে গিয়ে প্রবেশের অনুমতিই পাননি জন! এ কোন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন

John Abraham: বাইকে পৌঁছেছিলেন অভিনেতা। সেই কারণে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর সেই ছবিটির নাম ছিল ‘অ্যায়েতবার’।

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন জন আব্রাহাম। সম্প্রতি নিজের প্রথম ছবির মহরতের একটি মজাদার স্মৃতি ভাগ করে নিলেন তিনি। আসলে বাইকে পৌঁছেছিলেন অভিনেতা। সেই কারণে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর সেই ছবিটির নাম ছিল ‘অ্যায়েতবার’। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট এবং প্রযোজনা করেছেন রতন টাটা। আর এই ছবিতে অভিনয় করেছিলেন স্বয়ং বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন।

সাম্প্রতিক একটি ফিল্মফেয়ার সাক্ষাৎকারে জন আব্রাহাম নিজের কেরিয়ারের মজাদার মুহূর্ত ভাগ করে নিলেন। অভিনেতার কথায়, “যখন আমি আমার প্রথম মহরৎ শটের জন্য গিয়েছিলাম, তখন আমি মোটরসাইকেল নিয়ে গিয়েছিলাম। ফিল্মটির নাম ‘অ্যায়েতবার’। আমার জন্য বোর্ড ক্ল্যাপ করেছিলেন হৃতিক রোশন এবং অমিতাভ বচ্চন। এদিকে হৃতিক আর আমি সহপাঠী। ও সত্যিই খুবই ভাল একজন মানুষ। তবে যেহেতু আমি মোটরসাইকেলে গিয়েছিলাম, তাই আমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। গেট বন্ধ হয়ে গিয়েছিল। ওঁরা আমায় জিজ্ঞাসা করেছিলেন যে, ‘কে আপনি?’ আমি বলেছিলাম, এই ‘মহরৎটা আমারই ফিল্মের জন্য’। তারপর অবশ্য অনুমতি মেলে। আর তাঁরা যখন গেট খুলে দেন, তখন অমিতাভ বচ্চন আর হৃতিক রোশন আমায় সাদরে বরণ করে নিয়ে বলেন, ‘ভিতরে এসো’।”

এমনিতে জনের বাইক প্রেমের কথা তো সর্বজনবিদিত! একাধিক হাই-এন্ড মোটরসাইকেল রয়েছে অভিনেতার। তাঁর গ্যারাজে রয়েছে উল্লেখযোগ্য দারুণ কিছু সুপারবাইক। এর মধ্যে অন্যতম হল Suzuki Hayabusa, Yamaha V-Max 60th Anniversary, Kawasaki ZX-14R, Honda CBR 1000RR, Aprilia RSV4 RF, Yamaha YZF-R1, Ducati Panigale V4 এবং BMW S1000 RR

একই সাক্ষাৎকারে জন এ-ও স্বীকার করে নেন যে, তাঁর বাইকে অন্য কেউ হাত দিলে তিনি বিরক্ত হন। অভিনেতার কথায়, “যদি কেউ আমার বাইকে একটা আঙুলও ছোঁয়ান, আমি তখনই অসন্তুষ্ট হই। সে তাঁর সঙ্গে যত ভাল সম্পর্কই হোক না কেন, আমি তাঁদের জাজ করি। আসলে আমি আমার বাইককে খুব যত্নে রাখি। রীতিমতো বাচ্চাদের মতো লালনপালন করি।”

এদিকে জনকে দেখা যাবে রাজনৈতিক থ্রিলার ছবি ‘দ্য ডিপ্লোম্যাট’-এ। এই ছবিটি পরিচালনা করেছেন শিবম নায়ার। আর এর গল্প লিখেছেন রীতেশ শাহ। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম এবং সাদিয়া খাতিবকে। মূলত ভারত-পাক সম্পর্কের প্রেক্ষাপটকে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প। উঠে আসবে কূটনীতি এবং কূটনীতিবিদদের ব্যক্তিগত দ্বন্দ্বও।