সিনেমা নয়, বাস্তব! কলকাতার প্রকাশ্য রাস্তায় নায়িকার সঙ্গে তুমুল ঝগড়া শিবপ্রসাদের!

সিনেমা নয়, বাস্তব! কলকাতার প্রকাশ্য রাস্তায় নায়িকার সঙ্গে তুমুল ঝগড়া শিবপ্রসাদের!

কলকাতা: প্রেম মানে সবসময় ফুলে বেছানো রাস্তা বোধহয় হয় না। সেখানে কখনও কখনও ঝড়ঝাপটা আসে। এক মুহূর্তের জন্য টলমল হয়ে যায় আসন। আবার ফের সবটা গুছিয়ে নিয়ে একসঙ্গে থেকে যাওয়ার নামই প্রেম। আর সিনেমা তো জীবনেরই আয়না। সেই সিনেমায় প্রেমের গল্প বলার সময় যেমন খোলা পিঠে কবিতা লেখার রোমাঞ্চ থাকবে, এমনই থাকবে ঝগড়া অশান্তিতে রক্তারক্তি হওয়াও! আক্ষরিক অর্থেই। বুঝতে পারছেন না? তাহলে খুলেই বলা যাক সবটা।

সামনেই মুক্তি পাচ্ছে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) পরিচালিত ও রাখী গুলজার (Rakhi Gulzar), শিবপ্রসাদ ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) অভিনীত ছবি ‘আমার বস’। আর এই ছবিতেই জুটি হিসেবে দেখা যাবে শ্রাবন্তী ও শিবপ্রসাদকে। এই প্রথমবার। আর সদ্য মুক্তি পেয়েছে এই জুটির একটি গান। অনুপম রায়ের (Anupam Roy) কন্ঠে, ‘মালা চন্দনে বেঁধো না আমাকে’। এই গানে শিবপ্রসাদ ও শ্রাবন্তীর সমীকরণকেই মূলত তুলে ধরা হয়েছে। সেখানে যেমন প্রেম আছে, তেমনই রয়েছে বিচ্ছেদের যন্ত্রণা। একটি দৃশ্য রয়েছে, যেখানে শিবপ্রসাদ ভালবেসে জয় গোস্বামীর বিখ্যাত কবিতা লিখে দিচ্ছেন শ্রাবন্তীর খোলা পিঠে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য নিয়ে রীতিমতো তরজা হয়েছে। আসলে ঘনিষ্ঠতা মানেই তো চুম্বন। কিন্তু যেখানে ঘনিষ্ঠতায় মিশে থাকে কবিতা, সেই ঘনিষ্ঠতার যেন আকর্ষণই আলাদা, সেই পাঠই দিচ্ছেন শিবপ্রসাদ শ্রাবন্তী।

কিন্তু এ তো গেল ভালবাসার কথা। আর বিচ্ছেদ? এমন দৃশ্যও রয়েছে সেই গানে যে কলকাতার খোলা রাস্তায় দাঁড়িয়ে শ্রাবন্তী ও শিবপ্রসাদ রীতিমতো মারামারি করছেন। শ্রাবন্তী একের পর এক ধাক্কা দিচ্ছেন শিবপ্রসাদকে। ব্যাগ দিয়ে এলোপাথাড়ি মারছেন। আটকানোর চেষ্টা করলেও শিবপ্রসাদ তুলনামূলক শান্ত। শ্রাবন্তীকে বোঝানোর চেষ্টা করছেন। শেষমেষ শ্রাবন্তী শিবপ্রসাদকে ফেলেই চলে যাচ্ছেন একা হেঁটে। এবিপি লাইভ বাংলা উঁকি মেরেছিল শ্যুটিংয়ের অন্দরমহলে। জানা গেল, যেদিন রাতে এই দৃশ্যের শ্যুটিং হয়েছে, সেদিন নাকি শ্রাবন্তীর ধাক্কাধাক্কিতে শিবপ্রসাদের হাত কেটে যায়। ব্যাস.. রক্তারক্তি কান্ড। শেষে ব্যান্ডেজ জড়িয়ে, কোনোক্রমে রক্ত বন্ধ করে শ্যুটিং শেষ করেন অভিনেতা পরিচালক। একটি ঝলকে শিবপ্রসাদকে বলতে শোনা গেল, ‘প্রেম হবে, ঝগড়া হবে, ফুটপাত বদল হয়, মধ্যরাতে। প্রেম হবে, রক্তারক্তি হবে, ঝগড়া হবে.. আপনাদের হয় না?’ জায়গাটা পার্ক স্ট্রিটের প্রাণকেন্দ্রে।

শ্যুটিংয়ের অন্দরে কত কীই যে এমন ছোট ছোট না জানা গল্প থেকে যায়!

(Feed Source: abplive.com)