
ইসলামাবাদ : সিগনাল মিললেই পুরোদস্তুর অ্য়াকশন শুরু করে দেওয়া হবে ! পহেলগাঁওয়ে নারকীয় হত্য়ালীলার বদলা নিতে, পুরোপুরি প্রস্তুত রয়েছে ভারতের তিন বাহিনী ! অর্থাৎ, যে কোনও সময়ে, যে কোনও জায়গায়, যে কোনওরকম হামলা চালাতে তৈরি সেনা, বায়ুসেনা এবং নৌসেনা। ‘ভারতের রক্ত ফুটছে’ বলে গতকালই বার্তাটা স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভারতের এই প্রত্যাঘাত-হুঙ্কারের মধ্যেই সুর নরম পাকিস্তানের। পাক প্রধানমন্ত্রী আস্ফালন করলেও, ভিন্ন সুর শোনা যাচ্ছে নওয়াজ শরিফের গলায়। ছোট ভাই ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে তাঁর দাদা তথা পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও সে দেশের শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N)-এর প্রতিষ্ঠাতা নওয়াজ শরিফের উপদেশ, ভারতের সঙ্গে শান্তি পুনরুদ্ধারের জন্য সমস্ত কূটনৈতিক ব্যবস্থা ব্যবহার করার। তিনি জোর দিয়ে বলেছেন যে, তিনি আক্রমণাত্মক অবস্থান নেওয়ার বিরুদ্ধে।
রবিবার সন্ধেয় লাহোরে সাক্ষাৎ হয় দুই ভাইয়ের। জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকের পর ভারতের বিরুদ্ধে তাঁর সরকার কী সিদ্ধান্ত নিয়েছে, সেকথা দাদা নওয়াজ শরিফকে জানাতে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ। বিশেষ করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর পাকিস্তানের কী অবস্থান হতে চলেছে তা জানাতে যান। সংবাদ সংস্থা IANS সূত্রের খবর, শেহবাজ শরিফ বিস্তারিতভাবে বর্ণনা করেন যে কীভাবে তাঁর সরকার নয়াদিল্লির পদক্ষেপের প্রতিদান দিচ্ছে এবং ভারতের জন্য তাদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। এমনকী এও জানান, ভারতের আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। কিন্তু, নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শেহবাজকে স্পষ্ট উপদেশ দিয়েছেন, এ ব্যাপারে কোনও আগ্রাসন না দেখাতে এবং কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ ভারতকে পহেলগাঁও হামলার তদন্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিন এবং ব্রিটেন সহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের নিয়ে একটি আন্তর্জাতিক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।
(Feed Source: abplive.com)
