‘পাকিস্তানে জঙ্গি আছে?’, প্রশ্নের জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক কথায় উত্তর ‘না’

‘পাকিস্তানে জঙ্গি আছে?’, প্রশ্নের জবাবে পাক প্রতিরক্ষা মন্ত্রীর এক কথায় উত্তর ‘না’

Pakistan Defence Minister: ‘পাকিস্তান জঙ্গিদের কিংবা জঙ্গি সংগঠনগুলিকে আশ্রয় দেয় না। যারা পাকিস্তানের ভূখণ্ডে থাকে তারা পাকিস্তানে কিংবা সীমান্ত পেরিয়ে ভারতে কোনওপ্রকার জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয় না।’ বিবিসি- কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। প্রসঙ্গত উল্লেখ্য, বিবিসি’র এই সাক্ষাৎকার ভারত-পাকিস্তান উদ্বেগ তৈরি হওয়ার কয়েক ঘণ্টা পরেই নেওয়া হয়েছিল। ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এরপর থেকেই উদ্বেগ তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে।

পহেলগাঁও হামলার উপযুক্ত জবাবও দিয়েছে ভারত। প্রত্যাঘাত করা হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেই তালিকায় ছিল লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি, হেডকোয়ার্টার ছিল। ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে ভারতের প্রত্যাঘাতে। মৃত জঙ্গিদের তালিকায় পহেলগাঁও হামলা, কান্দাহারে বিমান অপহরণ, বিদেশি সাংবাদিকের মাথা কেটে খুন- এইসব ন্যাক্কারজনক কাজের মূলচক্রীরাও ছিল। মোস্ট ওয়ান্টেড মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহারও খতম হয়েছে ভারতের প্রত্যাঘাতে। জইশ প্রধানের ভাই নিজে ছিল এই জঙ্গি সংগঠনের অপারেশনাল কমান্ডার।

অপারেশন সিঁদুরের পর ভারতের তরফে বেশ কয়েকটি প্রেস ব্রিফিং করে সমস্ত প্রমাণ দেওয়া হয়েছে। ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের মাটিতে যা যা আঘাত হেনেছে, তার সব প্রমাণ ছবি, ভিডিও, স্যাটেলাইট ইমেজ সমেত দেওয়া হয়েছে পরপর প্রেস ব্রিফিংয়ে। পাকিস্তান কী কী মিথ্যা দাবি করেছে, সেই প্রসঙ্গেও জানানো হয়েছে। অথচ এত কিছুর পরেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সাফ জানিয়েছেন, পাকিস্তানে নাকি কোনও জঙ্গি থাকে না। সাংবাদিকের প্রশ্ন ছিল, পাকিস্তানে কোন জঙ্গি, জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে কিনা। জবাব একটাই শব্দ বলেছেন, খোয়াজা আসিফ, ‘না’। এদিকে পহেলগাঁও জঙ্গি হামলার দায়ও স্বীকার করেছে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিসট্যান্স ফ্রন্ট।

বিবিসি- র ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফকে এও জিজ্ঞেস করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে পাকিস্তান জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনকে মদত দেয়, যে জঙ্গি সংগঠন ২০১৬- র উরি হামলা, ২০১৯- র পুলওয়ামা হামলার মতো ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। এই প্রশ্নের জবাবেও খোয়াজা আসিফ বলেন, ‘ওগুলো আমাদের অতীতের কথা’।

তবে এটাই প্রথম নয়। কিছুদিন আগে সিএনএন- কে দেওয়া এক সাক্ষাৎকারেও এক অদ্ভুত কথা বলেছিলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী, যা নিয়ে রীতিমতো মশকরা শুরু হয়েছিল সর্বত্র। পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের বিমান নামিয়েছে। এর প্রমাণ কোথায় রয়েছে, জিজ্ঞেস করেন সিএনএন- এর সঞ্চালিকা। জবাবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় প্রমাণ রয়েছে’। একটি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এ হেন ‘বালখিল্য’ জবাবে হতবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব।

(Feed Source: abplive.com)