Suvendu Adhikari: ইউনূসের বাংলাদেশে আক্রান্ত মতুয়ারা, প্রতিবাদে ঢাকায় দল পাঠাবে বিজেপি!

Suvendu Adhikari: ইউনূসের বাংলাদেশে আক্রান্ত মতুয়ারা, প্রতিবাদে ঢাকায় দল পাঠাবে বিজেপি!

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ‘সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা’ পরিদর্শন করতে বাংলাদেশ সফর করবে বলে জানা গেছে। সম্প্রতি কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই তথ্য জানিয়েছেন। তবে দলের পক্ষে কতজন প্রতিনিধি বাংলাদেশ সফর করবেন, সেটি জানাননি তিনি। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে বিষয়টি নিশ্চিত করেছে। উপদূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি প্রতিনিধিদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সেখানকার বর্তমান পরিস্থিতি দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। দলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রতিনিধি দল স্থলপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের যশোরে ঢুকবে এবং ঘটনাস্থল পরিদর্শন করবে।

শুভেন্দু জানান, বিজেপির প্রতিনিধি দলটি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে। তার দাবি, বাংলাদেশ ডেপুটি হাইকমিশন জানিয়েছে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ হাজার টাকা করে নগদ সহায়তা, ৩০ কেজি চাল এবং ২ বান্ডিল করে টিন দিয়েছে। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে শুভেন্দু বলেছেন, বিজেপিও ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চায়, তবে সেটা সরাসরি করা সম্ভব নয়। বাংলাদেশ সরকারের অনুমতি পেলে, মতুয়া সম্প্রদায়, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ এবং ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে।কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি প্রতিনিধি দল সফরের জন্য ভিসা পেতে কোনো সমস্যা হবে না এবং দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির এক স্থানীয় নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের যশোরের ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুভেন্দু দাবি করেছেন, এই হামলায় অন্তত ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

(Feed Source: zeenews.com)