Bengal Pro T20 League: মন ভরালেন সুনিধি, চোখের সামনে ক্লার্কও! তবে দর্শক গ্যালারি….

Bengal Pro T20 League: মন ভরালেন সুনিধি, চোখের সামনে ক্লার্কও! তবে দর্শক গ্যালারি….

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গল প্রো টি-টোয়েন্টি (Bengal Pro T20 League) লিগের, দ্বিতীয় সিজনের শুভারম্ভ হয়ে গেল|  বুধ বিকালে ক্রিকেটের নন্দনকানন, ইডেন গার্ডেন্সে, সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) প্রায় পৌনে দু’ঘণ্টার আগুনে উদ্বোধনী পারফরম্যান্স ছিল একই সঙ্গে চোখের ও কানের আরাম| আর দুই মিলিয়ে হৃদয়ে চলল এক নাগরদোলা|

হাজার পাচেঁক দর্শক ৬৫ হাজারি স্টেডিয়ামে. সুনিধির তালে তালে নাচলেন-গাইলেন… কখনও ‘মেহবুব মেরে’ তো কখনও ‘ক্রেজি কিয়া রে’! শেষে ‘শিলা কি জওয়ানি’র ধামাকায় দিল্লির মেয়ে মুহূর্তেই কলকাতা জিতে নিলেন… সুনিধির পারফরম্যান্সের পর খেলার আগে পিচ রিপোর্ট দিতে চলে এসেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও| তাঁকে চোখের সামবে সামনে দেখাও ছিল ইডেনের কাছে প্রাপ্তি|

দর্শক আসনে ছিলেন বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়| ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও বঙ্গজ ক্রিকেটের দীর্ঘদিনের যোদ্ধা মনোজ তিওয়ারিও, ছিলেন ঋদ্ধিমান সাহাও। গত বছরের পুরুষদের প্রতিযোগিতায় যৌথভাবে জয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদহ এবং মুর্শিদাবাদ কিংসের ম্যাচ দিয়ে দ্বিতীয় সিজনের পর্দা উঠল|

দ্বিতীয় আসরে ইডেন গার্ডেনে সমগ্র পুরুষ প্রতিযোগিতা এবং মহিলাদের ফাইনালের জন্য ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে। ইডেনের পাশাপাশি সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসেও ম্যাচ হবে| আগামী ২৮ জুন পুরুষ ও মহিলা দলের ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনেই|  আইপিএলের ধাঁচেই বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের রূপ দিয়েছে সিএবি| বঙ্গজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার আন্তরিকতার কোনও ত্রুটি না থাকলেও, প্রশ্ন থাকবে বাংলার ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ততা নিয়ে|

আকাশ দীপ, মুকেশ কুমারের মতো হাতে গোনাই কয়েকজন আন্তৰ্জাতিক তারকা এই লিগে রয়েছেন| ফলে লিগ ঘিরে দর্শকদের উৎসাহ অনেকটাই কম| এদিন সুনিধির অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ মাঠ ছেড়েছিলেন| পুরো লিগ জুড়ে দর্শকদের মাঠমুখী করার চ্যালেঞ্জটা কিন্তু থাকবেই।

(Feed Source: zeenews.com)