
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের আসন্ন ওডিআই বিশ্বকাপ (ICC Women’s 50-over World Cup) যুগ্মভাবে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুই দেশের মোট ৫ ভেন্যু বেছে নিয়েছিল চলতি মাসের শুরুতেই। এবার প্রতিযোগিতার ১৩তম সংস্করণ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ! এখন প্রশ্ন, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর কি এবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ দেখা যাবে বাইশ গজে?
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল, জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। একজন বাদে সকলেই ছিলেন পর্যটক। পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে পেয়েছিল পাকিস্তান। ভারতের সশস্ত্রবাহিনী পাকিস্তানে দুরন্ত প্রত্যাঘাত করেছিল। চলেছিল সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। এমনকী ‘সিঁদুর’ সাফল্যকে স্যালুট জানিয়ে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সেনার সম্মানে করেছিল আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান (BCCI to honour Indian Armed Forces)।
সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় বারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। মূলত খেলা হয় নিরপেক্ষ দেশেই। যদিও পাকিস্তান একাধিকবার এসেছে ভারতে। ২০২৩ বিশ্বকাপে বাবর আজমরা ভারতে খেলে গিয়েছেন।
পহেলগাঁও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংঘাতে জড়ানোর কারণেই, শঙ্কা জেগেছিল যে আদৌ দুই দেশ আর বাইশ গজে মুখোমুখি হবে কি না। অবশেষে কাটল শঙ্কার মেঘ। ভারত-পাকিস্তান মুখোমুখি হবে বিশ্বকাপে। ভারতের চার শহরে বিশ্বকাপের ম্যাচ হবে। ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম। ওদিকে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে খেলা।
মেয়েদের বিশ্বযুদ্ধে অংশ নিতে ভারতে আসছে না পাকিস্তান। গত বছরের ডিসেম্বরেই চুক্তি হয়েছিল যে, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত দুই দেশ একে-অপরের সঙ্গে নিজেদের দেশে খেলবে না। বিশ্বকাপে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলংঙ্কায়। আগামী ৫ অক্টোবর ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।
ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান এই আট দল মেয়েদের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করছে।শেষবার ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল মেয়েদের ওডিআই বিশ্বকাপ। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাতবার মেয়েদের বিশ্বকাপ জিতেছে অজিরা। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলও তারা।
(Feed Source: zeenews.com)
