
কলকাতা: বারে বারে খুনের হুমকি পেয়েছেন সলমন খান (Salman Khan)। সেই কারণে বেড়েছে তাঁর নিরাপত্তা। অভিনেতা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাঁর শেষ ছবির শ্যুটিং শেষ করেছেন। যদিও সেই সমস্ত ছবি বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। কিন্তু পাশাপাশি আরও একটি কারণের জন্য তাঁর নাম চর্চায় চলে এসেছিল। প্রত্যেকবার নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন তিনি। যেটা জন্মদিন হোক বা ঈদের উৎসব, সলমনের ব্যালকনির সামনে সাধারণ জনতার ঢল নামে। প্রত্যেকেই অপেক্ষা করে থাকেই ‘ভাইজান’-এর একটা ঝলক দেখার জন্য। কিন্তু সেই ব্যালকনিরই এখন রূপ বদলে গিয়েছে। সলমন তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে বুলেটপ্রুফ গ্লাস লাগিয়েছেন।
এই বছর ঈদে সলমন খানের বাড়ির ব্যালকনিতে দেখা গেল একেবারে আলাদা ছবি। বুলেটপ্রুফ কাচের আড়ালে হাজির হয়েছিলেন সলমন। সেখান থেকেই তিনি অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। অনুরাগীদের থেকে যেন সলমনের দূরত্ব আরও কিছুটা বাড়ল। সলমন আর একেবারে খোলাখুলি অনুরাগীদের সামনে আসেন না। তাঁর শেষ ছবি ‘সিকন্দর’-এর শ্যুটিং ও তিনি কড়া নিরাপত্তা বলয়ে করেছেন। এমনকি ছবির প্রচার ও কাটছাঁট করা হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল সলমন খানের সমস্ত পাবলিক অ্যাপিয়ারেন্স। আর এবার, বাড়ির ব্যালকনি থেকেও সরাসরি অনুরাগীদের সামনে আসা বন্ধ করলেন সলমন।
কিন্তু কেন বুলেটপ্রুভ কাচ লাগিয়েছেন সলমন? এই বিষয়ে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সলমন জানান, তাঁর বাড়ির ব্যালকনিতে হামেশাই অনুরাগীরা বেয়ে উঠে পড়ার চেষ্টা করে। তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য অনেকেই পৌঁছে যাওয়ার চেষ্টা করেন তাঁর বাড়িতে। সলমনের আশঙ্কা, তিনি যদি বুলেটপ্রুভ কাচ না লাগান, একদিন সকালে উঠে তিনি দেখবেন, তাঁর বাড়ির ব্যালকনিতে লোকে শুয়ে ঘুমাচ্ছে। সেই কারণে, সুরক্ষার স্বার্থেই তিনি ব্যালকনিতে বুলেটপ্রুভ কাচ লাগিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সলমন খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন এক মহিলা। সলমনের পরিচিত বলে তিনি একেবারে সলমনের ঘরের দরজায় চলে আসেন ও বেল বাজান। তবে সময়টা মধ্যরাত ছিল বলে সলমনের বাড়ির কেউ সেই সময়ে দরজা খোলেননি। পরে সেই মহিলাকে গ্রেফতার করা হয় ও জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মহিলা দাবি করেছিলেন, সলমন তাঁর পরিচিত ছিলেন ও তাঁকে তাঁর বাড়িতে দেখা করতে আসতে বলেছিলেন। তবে সেই মহিলার দাবি ছিল ভিত্তিহীন।
(Feed Source: abplive.com)
