Boat Sinking: ভয়ংকর ঝড়ে উলটে গেল নৌকা! সমুদ্রে ডুবে হাড়হিম মৃ*ত্যু কমপক্ষে ৬৮… নিখোঁজ…

Boat Sinking: ভয়ংকর ঝড়ে উলটে গেল নৌকা! সমুদ্রে ডুবে হাড়হিম মৃ*ত্যু কমপক্ষে ৬৮… নিখোঁজ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইয়েমেনে ভয়ংকর দুর্ঘটনা। পরিযায়ীবাহী নৌকা রবিবার ইয়েমেন উপকূলে ডুবে যায়। তাতে অন্তত ৬৮ জন আফ্রিকান পরিযায়ীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৭৪ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।

ইয়েমেনের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে— যাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ার নাগরিক এবং একজন ইয়েমেনি। তিনি বলেন, ‘অন্য অনেকেই এখনও নিখোঁজ,’ এবং উদ্ধার অভিযান রাত পর্যন্ত চলতে থাকে। ঝড় ও প্রবল হাওয়ার কারণে নৌকাটি উল্টে যায়।

ইয়েমেনের স্থানীয় সংবাদ সূত্রের খবর, উদ্ধারকারী দল এখনও মৃতদেহ এবং সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ অ্যাসোসিয়েটেড জানান, রবিবার কাকভোরে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের উপকূলে অ্যাডেন উপসাগরে ১৫৪ জন ইথিওপিয়ান পরিযায়ীকে বহনকারী একটি নৌকা ডুবে যায়।

আরও জানা গিয়েছে, উদ্ধার পাওয়া পরিযায়ীদের দ্রুত শাকরা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের অবস্থা আশঙ্কাজনক কারণ তারা দীর্ঘ সময় ধরে সমুদ্রজলে ভেসে ছিল এবং শারীরিকভাবে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। আবিয়ান নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া ও মৃত ব্যক্তিদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তারা সবাই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কাজের আশায় ইয়েমেন হয়ে পাড়ি দিচ্ছিলেন।মৃতদেহগুলি উপকূলের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান আরও বিস্তৃত করেছে এবং অতিরিক্ত দল মোতায়েন করেছে। স্বাস্থ্যকর্মীরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে জিনজিবার শহরের কাছে নির্ধারিত এলাকায় মৃতদের কবর দেওয়ার ব্যবস্থা করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) বহুবার আফ্রিকার হর্ন অঞ্চল (যেমন ইথিওপিয়া ও সোমালিয়া) থেকে ইয়েমেন পর্যন্ত সমুদ্রপথের ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করেছে। এই পথ ধরে অনেক পরিযায়ী- বেশিরভাগই ইথিওপিয়া ও সোমালিয়া থেকে- সৌদি আরব বা অন্য কোনও উপসাগরীয় দেশে কাজের সন্ধানে যাত্রা করেন, যদিও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

(Feed Source: zeenews.com)