‘কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই…’, ট্রাম্প-পুতিন বৈঠকের প্রশংসায় ভারত

‘কেবল আলোচনা ও কূটনীতির মাধ্যমেই…’, ট্রাম্প-পুতিন বৈঠকের প্রশংসায় ভারত

নয়াদিল্লি : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কার বৈঠকে কী হতে চলেছে, সেদিকে নজর ছিল গোটা বিশ্বের। নজর ছিল ভারতেরও। এবার এই বৈঠকের প্রশংসা করল ভারত। শান্তির খোঁজে উভয়ের নেতৃত্ব “অত্যন্ত প্রশংসনীয়” বলে মতামত দিল নয়াদিল্লি।

এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় বৈঠকে বসাকে স্বাগত জানাচ্ছে ভারত। শান্তির সন্ধানে তাঁদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।” রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে কূটনীতির গুরুত্বের কথা তুলে ধরে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, “এই সম্মেলনে অর্জিত অগ্রগতির প্রশংসা করে ভারত। কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমেই এগিয়ে যাওয়ার পথ তৈরি হতে পারে। বিশ্ব ইউক্রেনে সংঘাতের দ্রুত অবসান দেখতে চায়।

ইউক্রেনে যুদ্ধবিরতি-সহ একাধিক ইস্যুতে আলাস্কায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন। সাত ঘণ্টা ধরে বৈঠক চলবে বলে ঠিক হলেও, মাত্রা আড়াই ঘণ্টায় শেষ হয়ে যায় সেই বৈঠক। তাঁদের মধ্যে যে ঐক্যমত্য তৈরি হয়নি, সেকথা মেনে নেন ট্রাম্প এবং পুতিন, দুই রাষ্ট্রনেতাই। এই বৈঠকের দিকে নজর ছিল ভারতেরও। কারণ রাশিয়ার থেকে তেল কিনে ভারত যুদ্ধে মদত জোগাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। ভারতের উপর ৫০ শতাংশ হারে ‘শুল্ক শাস্তি’ও চাপিয়েছেন তিনি। (US Tariff on India)

নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্য দু’দফায় ২৫ করে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ২০২২ সাল থেকে রাশিয়ার থেকে কম দামে তেল আমদানি করে আসছে ভারত, যা নিয়ে গোড়া থেকেই দিল্লিকে বলে আসছিল আমেরিকা এবং পশ্চিমের অন্য দেশগুলি। আমেরিকার দাবি, ভারতকে তেল বিক্রির টাকাতেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমেরিকা। ফলে ভারত তেল কেনা বন্ধ করলেই যুদ্ধবিরতি ছাড়া উপায় থাকবে না রাশিয়ার কাছে। যে কারণে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট আরও শুল্কের হুঁশিয়ারি দেন। শুধু তাই নয়, ভারতের থেকে পণ্য কেনা বন্ধ করতে হবে বলে ইউরোপের দেশগুলিকে আর্জি জানান তিনি।

এই পরিস্থিতিতে এদিন আমেরিকার প্রেসিডেন্ট জানান, রাশিয়া ও তার বাণিজ্য সঙ্গীদের উপর এখনই সেকেন্ডারি স্যাংশনের কথা ভাবছেন না তিনি। তবে, বিষয়টি খতিয়ে দেখতে তাঁর ২-৩ সপ্তাহ কেটে যেতে পারে। পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজে এক সাক্ষাৎকারে তিনি জানান, আলাস্কায় বৈঠক ভালো হয়েছে। ১০-এ ১০ রেটিংও দেন তিনি।

(Feed Source: abplive.com)