রজার বিনির পর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ? জল্পনার মাঝেই নীরবতা ভাঙলেন মহারাজ

রজার বিনির পর বোর্ড প্রেসিডেন্ট সৌরভ? জল্পনার মাঝেই নীরবতা ভাঙলেন মহারাজ

সন্দীপ সরকার, কলকাতা: রবিবার, ছুটির দিন। মহালয়ার আগে শেষ রবিবার। ধর্মতলায় কেনাকাটার ভিড়।

তবে রবিবার ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) ছিল সাজ সাজ রব। ছুটির দিনেও গমগম করছিল ক্রিকেটের নন্দনকানন।

উপলক্ষ্য, সিএবি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করলেন নীতিশরঞ্জন দত্ত (অনু)। সচিব হচ্ছেন বাবলু কোলে। যুগ্মসচিব মদনমোহন ঘোষ। কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস। যে প্যানেলের খবর নির্ভুলভাবে শনিবারই লিখেছিল এবিপি লাইভ বাংলা।

মনোনয়ন জমা দেওয়ার পর সৌরভ অবশ্য জানিয়ে দিলেন, তিনি নির্বাচন হলেও তৈরিই ছিলেন। বললেন, ‘আমি দেড় বছর ধরে জেলায় জেলায় গিয়েছি। প্রতিটা লোকের সঙ্গে দেখা করেছি। চার ঘণ্টা গাড়ি চালিয়ে বাঁকুড়া, মালদা গিয়েছি। পুরুলিয়া গিয়েছি। নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। হয়নি।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন? সৌরভ বললেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি।’ নিজের প্যানেল নিয়ে বললেন, ‘এটা আমার দল নয়, সিএবি-র দল। সঞ্জয় দাস কোষাধ্যক্ষ। বাবলু কোলে সচিব হিসাবে দক্ষ। এবছর অনেক খেলা আছে। পাশাপাশি লোঢা থেকে স্পোর্টস বিলে পরিবর্তন হবে। বাবলু কোলের অভিজ্ঞতা কাজে লাগবে। অনু দত্ত ৩৬ বছর ধরে সিএবি-তে আসছে। মদন ঘোষও অনেক দিন সিএবি-তে আসছে। এরা সময় দিতে পারবে। সিএবি সময় দেওয়াটা জরুরি। তাই এদের বাছা হয়েছে।’

জেলা থেকে কি পদাধিকারীর সংখ্যা কমছে? সৌরভের জবাব, ‘জেলার প্রতিনিধি হবে। তবে এখন তো পদের সংখ্যা কম। সুদীপবাবু যখন ছিলেন, তখন পাঁচজন করে ভাইস প্রেসিডেন্ট থাকতেন। লোঢা আসায় সব তো পাল্টে গিয়েছে। স্পোর্টস বিল আশা করা হচ্ছে ৮ থেকে ১০ মাসের মধ্যে কার্যকরী হবে। তখন অনেক বেশি জায়গা তৈরি হবে। এখন ১৪৬ জনের মধ্যে মাত্র ৪-৫ জনকে জায়গা দিতে হচ্ছে। সবাইকে জায়গা দেওয়া যায় না।’

২৮ তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সিএবি প্রতিনিধি হিসাবে যাচ্ছেন সৌরভই। রজার বিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে গিয়েছেন। লোঢা কমিটির সুপারিশ মেনে, যেহেতু তাঁর বয়স সত্তর বছর পেরিয়ে গিয়েছে। জল্পনা চলছে, বোর্ড প্রেসিডেন্ট পদে কি ফিরতে পারেন সৌরভ? যদিও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজে জল্পনায় জল ঢাললেন। বললেন, ‘২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যাচ্ছি। তবে আমি বোর্ড প্রেসিডেন্ট হচ্ছি এরকম জল্পনা করবেন না।’

শোনা গেল, অ্যাপেক্স কাউন্সিলে মনোনয়ন জমা দিয়েছেন নীলাঞ্জনা বসু, সৌমিক বসু, সৌমেন্দু চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, বিবেক লোহিয়া, রবি তোডি, আশিস চক্রবর্তী, নবরত্ন ঝাওয়ার, সুরজিৎ লাহিড়ি, গৌতম গোস্বামী, কৌশিক মুখোপাধ্যায়। প্রাক্তন ক্রিকেটার হিসাবে থাকছেন দেবাঙ্গ গাঁধী ও কেয়া রায়।

(Feed Source: abplive.com)