
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি মরসুমের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (Caribbean Premier League) ওরফে সিপিএল এখন প্রায় অন্তিম লগ্নে। প্লেঅফ পর্ব চলছে। বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিপিএল এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders) ওরফে টিকেআর (TKR) ও অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্স (Antigua and Barbuda Falcons)।
প্রাক্তন সিপিএল চ্যাম্পিয়ন টিকেআর ফ্যালকনদের নয় উইকেটে গুঁড়িয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল। ১৫ বল হাতে রেখে ১৬৮ রান তাড়া করে জেতে শাহরুখের টিম। টিকেআরের জয়ের কারিগর ছিলেন তাঁদের অধিনায়ক নিকোলাস পুরান (Nicholas Pooran)। বর্তমানে যিনি টি-২০ সার্কিটের সেরাদেরই একজন। পুরান আবার আইপিএল খেলেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসের হয়ে।
পুরান ৫৩ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেন এদিন। ৭১ মিনিটের তাণ্ডবলীলায় ৮টি ছয় ও ৩টি চার মারেন। ১৬৯.৮১-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। পুরানের সিপিএলে ২০০ ছক্কাও হাঁকানো হয়ে গেল। পুরান তিনে নেমেছিলেন। দ্বিতীয় উইকেটে ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে ১৪৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। হেলস ৪০ বলে তিন ছক্কা এবং তিন চার হাঁকিয়ে ৫৪ রানে অপরাজিত ছিলেন ৪০ বল খেলে।
খেলার পর পুরান বলেন, ‘বড় ম্যাচে খেলোয়াড়রা যতটা সম্ভব মুহূর্তে থাকার চেষ্টা করে, এবং যখন কিছু সিদ্ধান্ত আপনার ইচ্ছামতো না হয়, তখন আপনি কিছুটা আবেগপ্রবণ হতে পারেন। আজ আবেগকে নিয়ন্ত্রণে রাখাই কঠিন ছিল। খেলা শেষে আমি আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছি। তবে আমরা জিততে পেরে সত্যিই খুশি।’ গত বছর আইপিএল মেগা নিলামের আগে গোয়েঙ্কার এলএসজি ২১ কোটি টাকায় পুরানকে ধরে রেখেছিল। আইপিএল ২০২৫ মরসুমে তাঁর স্ট্রাইক-রেট ছিল ১৯৬-এর বেশি, ১৪ ম্যাচে ৫টি অর্ধশতক সহ ৫২৪ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ক্রিকেটার।
(Feed Source: zeenews.com)
