Charlie Kirk Death: রুমমেটকে করা মেসেজই ধরিয়ে দিল কার্কের খুনিকে! ইউটার এক সাধারণ তরুণ-ই ট্রাম্প ঘনিষ্ঠের হত্যাকারী…

Charlie Kirk Death: রুমমেটকে করা মেসেজই ধরিয়ে দিল কার্কের খুনিকে! ইউটার এক সাধারণ তরুণ-ই ট্রাম্প ঘনিষ্ঠের হত্যাকারী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাম্প ঘনিষ্ট চার্লি কার্ক হত্যাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। এফবিআই জানিয়েছে, অভিযুক্ত হল একজন ২২ বছর বয়সী টাইলর রবিনসন।

ঘটনার পর তিন দিনের ধরপাকড় অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তে প্রথম সূত্র ছিল একটি হাতের ছাপ, জুতো পায়ের ছাপ এবং বন থেকে পাওয়া একটি রাইফেল। তবে অনুসরণ চলাকালীন শেষ পর্যন্ত ‘কারো খুব কাছের লোকই তাকে পুলিসের হাতে সোপর্দ করেছে।’

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এফবিআই ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দুইজনকে আটক করেছিল। যাদের পরে ছেড়ে দেওয়া হয় কারণ তারা ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। অন্যদিকে, ঘটনার দিন ক্যাম্পাস থেকে পালানোর চেষ্টা করার এক সন্দেহভাজনের ভিডিয়ো প্রকাশ করা হয়। যা দেখে মনে করা হয়েছিল যে, ওই সন্দেহভাজনই কার্কের খুনি। সেই ফুটেজে খুনির মাথা দাম ১ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে মার্কিন তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবার এফবিআই ও রাজ্য কর্তৃপক্ষ জনসাধারণের সহযোগিতা চেয়ে সন্দেহভাজন ব্যক্তির ছবি ও ভিডিয়ো প্রকাশ করে। সন্দেহ করা হয়েছিল যে কার্ক খুনের ঘটনায় যে ব্যক্তি জড়িত এক কলেজের পড়ুয়া এবং কলেজ ছাত্রদের মাঝে মিশে গিয়েছিল। তবে শুক্রবার জানানো হয়, রবিনসন ইউটা ভ্যালি ইউনিভার্সিটির ছাত্র নয়। সে ইউটাতে নিজের পরিবারের সঙ্গে থাকত।

ইউটার গভর্নর স্পেন্সার কক্স শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, রবিনসনের এক পরিবার সদস্য তার এক বন্ধুর কাছে খবর দিয়েছিলেন, যিনি পরে কর্তৃপক্ষকে জানান যে রবিনসন নিজেই এই ঘটনার কথা স্বীকার বা ইঙ্গিত দিয়েছিল। কক্স বলেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই টাইলার রবিনসনের পরিবারের সদস্যদের, যারা সঠিক কাজটি করেছেন।’

কক্স জানান, ১০ সেপ্টেম্বরের আগে ডিনারের সময় রবিনসন চার্লি কার্কের ইউটা আসার খবর নিয়ে কথা বলেছিল এবং তাকে দোষারোপ করেছিল, বলেছিল,  কার্ক ঘৃণা ছড়াচ্ছে। রবিনসনের রুমমেট পুলিসকে দেখিয়েছে যে, রবিনসন তাকে ডিসকর্ড নামক অ্যাপে মেসেজ পাঠিয়ে বলেছিল, সে একটি তোয়ালে মোড়ানো রাইফেল ঝোপে লুকিয়ে রেখেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রবিনসনের বাবা একজন ‘মিনিস্টার’ (ধর্মীয় নেতা)-এর মাধ্যমে পুলিসকে তথ্য দিয়েছেন, যিনি আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাম্প আরও বলেন, ‘আমি চাই সে দোষী সাব্যস্ত হোক এবং আমি চাই সে মৃত্যুদণ্ড পাক। চার্লি কার্ক ছিলেন একজন ভালো মানুষ। তিনি এই ধরনের ঘটনার যোগ্য ছিলেন না।’

আরও জানা গিয়েছে, রবিনসনের অতীতে কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড নেই। সে কোনও রাজনৈতিক দলের সদস্য নয়। সে সাম্প্রতিক বছরগুলোতে ভোটও দেয়নি, এবং একজন ‘নিষ্ক্রিয় ভোটার’ হিসেবে নিবন্ধিত।

রবিনসনকে ঘটনাস্থল থেকে প্রায় ১২ মাইল (১৯ কিমি) দূরের স্প্যানিশ ফর্কে ইউটা কাউন্টি জেলে রাখা হয়েছে। তার বিরুদ্ধে এখনও কোনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি।

(Feed Source: zeenews.com)