
দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) ছুটছে ভারতের জয়রথ। প্রথম দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি সূর্যকুমার যাদবরা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ও পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার ফোরে জায়গা পাকা করে নিয়েছে ভারত।
তবে প্রথম দুই ম্যাচে যেটা করেনি ভারত, সেটাই করার সুযোগ এল ওমানের (India vs Oman) বিরুদ্ধে। যে ম্য়াচ ভারতের কাছে শুধুই নিয়মরক্ষার। কারণ, আগেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। অন্যদিকে ওমান ছিটকে গিয়েছে টুর্নামেন্টে থেকে। শুক্রবারের ম্যাচ ভারতের সামনে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। টস জিতে যে ম্যাচে শুরুতে ব্যাটিং নিলেন সূর্যকুমার যাদব। আগের দুই ম্যাচে শুরুতে ফিল্ডিং করেছিল ভারত। তবে ওমানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে বড় স্কোর বোর্ডে তোলার চ্যালেঞ্জ নিজেরাই নিয়েছিল ভারত।
যদিও ওমানের বিরুদ্ধে বিস্ফোরক কিছু করতে পারল না ভারত। বরং নিয়মিত ব্যবধানে উইকেট হারাল। রান পেলেন না শুভমন গিল, হার্দিক পাণ্ড্যরা। সুযোগ পেয়ে অবশ্য জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। হাফসেঞ্চুরি করলেন কেরলের ক্রিকেটার। টি-২০ ক্রিকেটে নিজের পরিচিত ওপেনিংয়ের জায়গা ছেড়ে যিনি ব্যাট করতে নেমেছিলেন তিন নম্বরে। সঞ্জুর ৪৫ বলে ৫৬ রানই ভারতীয় ইনিংসে সর্বোচ্চ স্কোর।
সঞ্জু ছাড়াও রান পেয়েছেন অভিষেক শর্মা, অক্ষর পটেলরা। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। প্রত্যেক ম্যাচে নিয়ম করে তিনি ঝোড়ো শুরু করছেন। এদিনও পাঁচ চার ও জোড়া ছক্কায় ১৫ বলে ৩৮ রান করলেন। তাঁর ২৫৩.৩৩ স্ট্রাইক রেটই ভারতীয় ইনিংসের সেরা।
ঝোড়ো ইনিংস খেলেছেন অক্ষর পটেল ও তিলক বর্মা। অক্ষর ১৩ বলে ২৬ ও তিলক ১৮ বলে ২৯ রান করেন। ২০ ওভারের শেষে ভারত তুলল ১৮৮/৮।
Innings Break!
Sanju Samson’s 56(45) powers #TeamIndia to 188/8 💥
Over to our bowlers 🎯
Updates ▶️ https://t.co/XAsd5MHdx4#INDvOMA | #AsiaCup2025 pic.twitter.com/D8G5pI0Z6M
— BCCI (@BCCI) September 19, 2025
ভারতীয় ইনিংসে চমক ছিল। সূর্যকুমার যাদব ব্যাটই করতে নামলেন না! ভারতীয় অধিনায়ক নিজেকে পিছিয়ে দিয়ে ব্যাটিং করার সুযোগ করে দিলেন সতীর্থদের। নামতে নামতে এগারো নম্বরে দেখা গেল স্কাইয়ের নাম। যদিও ভারত ৮ উইকেট হারানোয় সূর্যকুমারের ব্যাট করতে নামার প্রয়োজন পড়েনি ।
(Feed Source: abplive.com)
