
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আফগানিস্তানে তালিবান জমানা ফেরার সময় দেখা গিয়েছিল বিমানের চাকায় বসে দেশ ছাড়ার চেষ্টা করছেন আফগানরা। এবার একেবারে সেই কায়দা রবিবার কাবুল থেকে KAM এয়ারের বিমানে দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছল ১৩ বছরের এক আফগান কিশোর। হইচই পড়ে গেল বিমানবন্দরজুড়ে। টানা ৯৪ মিনিটের ফ্লাইটে কীভাবে বেঁচে রইল ওই কিশোর, সেটাই এখন বড় প্রশ্ন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী KAM Air এর Airbus A340 বিমানটি কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে টেকঅফ করে রবিবার সকাল ৮টা ৪৬ মিনিটে। বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরের টার্মিনাল ৩-তে অবতরণ করে সকাল ১০টা ২০ মিনিটে। তার পরই তাকে বিমান থেকে নেমে মেইন লাউঞ্জে ঢোক সময়ে সে ধরা পড়ে যায়। বিমানবন্দর সূত্রে খবর, কুর্তা পাজামা পড়া ওই আফগান কিশোর আসলে ইরান যেতে চেয়েছিল। ভুল করে সে দিল্লিগামী বিমানে উঠে পড়ে। বোর্ডিংয়ের সময়ে সে লুকিয়ে পেছনের চাকার উপরে উঠে বসে।
কীভাবে ধরা পড়ল
বিমানবন্দর সূত্রে খবর, বিমানবন্দরের এক গ্রাউন্ড হ্যান্ডেলার তাকে টার্মিনাল ৩ এর ট্যাক্সিওয়ের কাছে দেখে ফেলে। বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর থেকে সে চাকা থেকে নেমে রেস্ট্রিকটেড অ্যাপ্রন এরিয়ার দিকে হাঁটছিল। ওই দৃশ্য দেখেই ওই গ্রাউন্ড ওয়ার্কার খবর দেন নিরাপত্তারক্ষীদের। শেষপর্যন্ত সিআইএসএফ তাকে হেফাজতে নিয়ে এয়ারপোর্ট পুলিসের হাতে তুলে দেয়।
কীভাবে সম্ভব
উড়ান বিশেষজ্ঞরা বলছেন, এরকম ঘটনা প্রায় অসম্ভব। বিমানের বাইরে কারও বেঁচে থাকা সম্ভব নয়। বিমান পরিবহন বিশেষজ্ঞ মোহন রঙ্গনাথন ওই সংবাদমাধ্যমকে বলেন, টেকঅফের পর হুইল বে-র ডোর খোলে ও বন্ধ হয়ে যায়। সম্ভবত ছেলেটি ওই ঢাকা জায়গায় ঢুকে পড়ে। বাঁচার জন্য সম্ভবত ওই জায়গায় নিজের জায়গা করে নেয়। এরকম হওয়া ছাড়া ৩০০০০ ফুট উঁচুতে প্রবল ঠান্ডায় কারও বেঁচে থাকা সম্ভব নয়।
ছণ্ডীগড় জিপমারের অধ্যাপক রিতিন মহিন্দ্রা বলেন, ১০ হাজার ফিট উপরে অক্সিজেন লেভেল অনেকটাই নেমে যায়। কয়েক মিনিটের মধ্যে কেউ অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যেতে পারে। মারা যেতে পারে। পাশাপাশি তাপমাত্র যেখানে মাইনাস ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে ফ্রস্টবাইট হতে পারে। তার পরই হতে পারে হাইপোথারমিয়া।
বিশেষজ্ঞরা বলছেন দুনিয়ায় এভাবে যারা উড়ানে চেপে বসেন তাদের মধ্যে ৫ জনের মধ্যে ৪ জনেরই মৃত্যু হয়। ভারতের বিমানবন্দরে এমন ঘটনা দ্বিতীয়। ১৯৯৬ সালের ১৪ অক্টোবর প্রদীপ সাইনি (২২) এবং বিজয় সাইনি (১৯) নামে দুই ভাই ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ৭৪৭ বিমানে দিল্লি থেকে লন্ডন যাওয়ার সময় লুকিয়ে পড়ে। প্রদীপ বেঁচে গেলেও, বিমানটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর বিজয়কে মৃত অবস্থায় পাওয়া যায়।
(Feed Source: zeenews.com)
