
সন্দীপ সরকার, কলকাতা: শারদীয়ার সাজে মহানগরী। অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। প্যান্ডেল হপিং শুরু। রাস্তায় কালো কালো মাথার সারি। শহরজুড়ে সাজ সাজ রব।
দুর্গাপুজোর আবহে বাংলার ক্রিকেটেও নতুন ভোর। ক্রিকেট প্রশাসনে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সিএবি প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মনোনয়ন জমা করেছিলেন ১৪ সেপ্টেম্বর। সোমবার, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাইপাসের ধারে অভিজাত হোটেলে হয়ে গেল সিএবি-র বার্ষিক সাধারণ সভা। প্রেসিডেন্ট হলেন সৌরভ। ভাইস প্রেসিডেন্ট নীতীশরঞ্জন দত্ত। সচিব বাবলু কোলে। যুগ্মসচিব মদন ঘোষ ও কোষাধ্যক্ষ সৌরভের বাল্যবন্ধু সঞ্জয় দাস।
সোমবার সন্ধ্যায় সিএবি-র এজিএম শেষ হওয়ার পর হোটেলের হলরুমে সৌরভকে পাওয়া গেল খোশমেজাজে। সিএবি সদস্যদের সঙ্গে আড্ডা দিলেন। একসঙ্গে সারলেন ডিনার। তার ফাঁকেই শোনালেন বাংলার ক্রিকেট নিয়ে তাঁর স্বপ্ন ও পরিকল্পনার কথা। সৌরভ বললেন, ‘ক্রিকেটই প্রথম ও শেষ প্রাধান্য পাবে। এটা ক্রিকেটেরই অ্যাসোসিয়েশন। বাংলা দল নিয়ে পরিকল্পনা রয়েছে। সবাই বলে পারফরম্যান্স নেই। ২০১৯ ও ২০২২, দুবার রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে বাংলা। ব্যাপারটা অত সহজ নয় সেটা। মাঝে মধ্যে অনেক ভুলভাল তথ্যও যায়। ক্রিকেট তো রকেট সায়েন্স নয়। বাংলা দলের উন্নতির জন্য বসব।’
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির পাশাপাশি ইডেন থেকে ঢিল ছোড়া দূরত্বে নতুন অ্য়াকাডেমির কাজেও হাত দেবেন বলে জানালেন সৌরভ। ‘ডুমুরজলার পাশে ৯ একর জমিতে একটা মাঠে অ্যাকাডেমি তৈরি হবে। কল্যাণীর চেয়েও বেশি সুযোগসুবিধা থাকবে। ফ্লাডলাইট থাকবে। মাঠ হস্তান্তর করেছে। এক-দেড় বছর লাগবে পরিকল্পনা বানাতে ও তার অনুমোদন পেতে,’ বলছিলেন সৌরভ।
ইডেনের সংস্করণের কী পরিকল্পনা? সৌরভ বললেন, ‘২০২৬ টি-২০ বিশ্বকাপ হয়ে যাক। তারপরই এক লক্ষ দর্শকাসনের ইডেনের কাজ শুরু হবে। স্টেডিয়ামের একটা স্ট্যান্ড ভেঙে করতে সময় লাগে তো। সেনাবাহিনির কাছে লিজটাও মনে হয় রিনিউ হয়ে গিয়েছে।’
নভেম্বরে ইডেনে টেস্ট ম্যাচ ফিরছে। ২০১৯ সালে শেষ টেস্ট হয়েছিল ইডেনে। সৌরভ তখন বোর্ড প্রেসিডেন্ট। সিএবি প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার ফিরেই বড় ম্যাচ। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচদিনের ক্রিকেটে ধুন্ধুমার লড়াই। সৌরভ বলছেন, ‘দক্ষিণ আফ্রিকা টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্দান্ত দল। ভারতও খুব ভাল দল। ভাল টেস্ট ম্যাচ হবে। ভাল পিচ ও মাঠ তৈরিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটাই ভাল টেস্ট ম্যাচের শর্ত। পরিকাঠামো রয়েছে আমাদের। এখনও দুমাস সময় রয়েছে। ভাবনাচিন্তা করব।’
টি-২০ বিশ্বকাপে কি সেমিফাইনাল বা সেরকম বড় ম্যাচ আসছে ইডেনে? সৌরভের কথায়, ‘টি-২০ বিশ্বকাপে বড় ম্যাচ পাওয়ার ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা বলব। সেমিফাইনাল পাব কি না, এখনও জানি না। ওভাবে বলা যায় না, বোর্ডের অন্য সদস্য সংস্থাও রয়েছে। কথা বলব।’
একটা সময় শোনা যাচ্ছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে ফিরতে পারেন সৌরভ। যদিও শেষ পর্যন্ত দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মিঠুন মানহাস বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন। সিএবি এজিএম শেষ হতেই ইডেনে ফেরার তাড়া। সোমবার রাতেই ইডেনে গিয়ে দায়িত্বভার বুঝে নিলেন পদাধিকারীরা। হোটেল ছেড়ে বেরনোর আগে সৌরভ বলে গেলেন, ‘মিঠুন মানহাসকে শুভেচ্ছা। বোর্ড প্রেসিডেন্ট হওয়াটা ক্রিকেট খেলার চেয়ে আলাদা। আমি নিশ্চিত ও খুব ভাল করবে। শুধু ও নয়, নতুন পদাধিকারীরা সকলেই ভাল করবে।’
(Feed Source: abplive.com)
