
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এয়ারস্ট্রাইক পাকিস্তানি বায়ুসেনার। এর জেরে মহিলা ও শিশু-সহ অন্তত ৩০ জনের মৃত্যুর খবর সামনে আসছে। সোমবার ভোররাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে। পাকিস্তানি যুদ্ধবিমান তিরাহ উপত্যকার মাতরে দারা গ্রামে আটটি LS-6 বোমা ফেলে, যার ফলে এত সংখ্যক প্রাণহানি ঘটেছে। মৃতরা প্রত্যেকেই সাধারণ নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘটনায় অনেকে জখম হয়েছেন। যদিও তাঁদের পরিস্থিতি স্পষ্ট নয়। ঘটনাস্থলের ভয়ঙ্কর সব ছবি ও ভিডিও সামনে আসছে। যেখানে শিশুদের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নীচ থেকে মৃতদেহগুলি বের করার কাজ চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। খাইবার পাখতুনখোয়ায় অতীতেও অনেক সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালিত হয়েছে, যার জেরে এই অঞ্চল থেকে অনেক সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (PICSS) নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, এই বছরের জানুয়ারিতে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে – যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেশি। তথ্য থেকে জানা গেছে যে, দেশজুড়ে কমপক্ষে ৭৪টি জঙ্গি হামলা হয়েছে, যার ফলে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ হিসেবে রয়েছে, তার পরেই রয়েছে বালুচিস্তান।
চলতি মাসেই গোড়ার দিকে রাজনৈতিক সভা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে পাকিস্তানে। নিহত হন কমপক্ষে ১৪। বিস্ফোরণে আহতও হন অনেকে। একটি স্টেডিয়ামের পার্কিং লটে সভা চলছিল। সেই সময়ই তীব্র বিস্ফোরণ ঘটে বলে খবর। সেখানে পাক সরকার বিরোধী বালোচিস্তান ন্যাশনাল পার্টির (BNP) অনেকে উপস্থিত ছিলেন বলে জানা যায়। (Balochistan Terror Attacks)
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বালুচিস্তানের কোয়েট্টা শহরে এই ঘটনা ঘটে। সেখানকার সরকারি আধিকারিক হামজা শফত জানান, জাতীয়তাবাদী নেতা তথা ওই অঞ্চলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বালোচিস্তান ন্যাশনাল পার্টির সর্দার আতাউল্লা মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ সভার আয়োজন হয়েছিল। সেখানেই বিস্ফোরণ ঘটে। (Pakistan Terror Attack)
আতাউল্লার ছেলে সর্দার আখতার মেঙ্গলও ওই সভায় উপস্থিত ছিলেন। তবে তিনি সুরক্ষিত ছিলেন। হামজা শফত বলেন, “আমরা যা খবর পেয়েছি, সেই অনুযায়ী, সভাস্থল থেকে যখন বেরোচ্ছিলেন সকলে, সেই সময় বোমা বিস্ফোরণ ঘটে ওই পার্কিং লটে।” প্রাথমিক তদন্তে এই ঘটনাকে আত্মঘাতী বিস্ফোরণ হিসেবেই দেখে পুলিশ।
(Feed Source: abplive.com)
