পুজোর নতুন গান, এবার মিউজিক ভিডিওয় দেখা যাবে মদন মিত্রকে!

পুজোর নতুন গান, এবার মিউজিক ভিডিওয় দেখা যাবে মদন মিত্রকে!

কলকাতা: পুজোয় মুক্তি পাচ্ছে, নতুন মিউজিক ভিডিও। আর সেখানেই অভিনয় করছেন মদন মিত্র (Madan Mitra)। নতুন এই গানের পরিচালনা করেছেন, পরিচালক অংশুমান প্রত্যুষ। অংশুমান এর আগে, একাধিক সিনেমা পরিচালনা করেছেন। তবে এবার, পুজোর মেজাজে একটা নতুন মিউজিক ভিডিও পরিচালনা করছেন তিনি। এই মিউজিক ভিডিওর মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভাঙ্কি আর জন। একটি অতিথি চরিত্রে থাকছেন মদন মিত্র। এছাড়াও থাকছে, উজান এবং ইভান্না নামে দুই খুদে শিল্পী।

গোটা গান জুড়েই একটা প্রেমের গল্প বলা হবে। জন এমনিতেই অভিনয়ের পাশাপাশি খুব ভাল নাচ ও করেন। এই গানেও নজর কাড়বেন জন। সম্রাট মন্ডল আর অমিত কুমার বেরা আর সহযোগী প্রযোজক দ্বৈপ্যান এম. প্রোডাকশন হাউস সাই ক্রিয়েটিভ সার্ভিস এবং ফিনিক্স আর্ট অ্যান্ড মিডিয়া থেকে মুক্তি পাবে এই গানটি। এই গানের সঙ্গীত পরিচালনা করছেন সম্রাট রায়। গানটি গেয়েছেন অন্বেষা আর সুপ্রতীপ। পরিচালকের মতে, এই গানটি একেবারেই আলাদা আর দর্শকদের মন ছুঁয়ে যাবে।

এই গানটি সম্পর্কে মদন মিত্র বলছেন, ‘জন আর শুভাঙ্কির সঙ্গে আমি আগেও কাজ করেছি। যবে যদি অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়, তাহলে বলব, সেটা আমার পক্ষে খুব দুর্ভাগ্যজনক। জন আর শুভাঙ্কি যেমন লাফালাফি করতে পারে, তাদের সঙ্গে তাল মেলাতে আমি পারব না। তখন আমায় স্টান্টম্যানকে ব্যবহার করতে হবে। তবে শুভাঙ্কি আর জন দুজনেই খুব ভাল কাজ করেছে। আমার ও খুব ভাল অভিজ্ঞতা। আমার যেটা ভাল লেগেছে, সেটা হল, যে পাড়ায় শ্যুটিংটা হচ্ছিল, সেখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে একটা মিউজক অ্যালবামের শ্যুটিং দেখছিল। এটা আমার কাছে দারুণ আকর্ষণীয়। কোনও সিনেমার শ্যুটিং নয়, কিচ্ছু নয়। এটা একটা মিউজিক অ্যালবাম।’

এই গানে, কেমন চরিত্রে দেখা যাবে মদন মিত্রকে? তৃণমূল নেতা বলছেন, ‘এই গানে আমি অংশগ্রহণ করেছি শুধু। ছোটদের উৎসাহ দিয়েছি। আমার কাছে প্রণাম করে, আমার শুভেচ্ছা নিতে এসেছিল। এইটুকুই।’ এর আগে, সিনেমাতেও অভিনয় করেছেন মদন মিত্র। এবার কি রাজনীতির পাশাপাশি, পাকাপাকি অভিনয়ে আসার কথা ভাবছেন তিনি? একটু হেসে মদন মিত্রের উত্তর, ‘রোজই তো অভিনয় করছি আমরা। জীবনটাই তো অভিনয়। রাজনীতিতে.. সবার কথা বলছি না… কিন্তু রাজনীতিতে বেশিরভাগ মানুষকেই অভিনয় করতে হয়। কারণ সত্যটা করলে মানুষের ভাল লাগবে না। তবে, আমার একটা সিনেমা ৭ নভেম্বর মুক্তি পাবে।’

(Feed Source: abplive.com)