
নিবেদিতা হাজরা
বর্তমান পৃথিবী যখন ধীরে ধীরে জাতি-ধর্ম-সংস্কৃতি-ভাষা নিয়ে লড়াই করতে ব্যস্ত তখন একমাত্র উৎসবই পারে মানুষ কে মানুষের কাছে ফেরাতে, মানুষকে শেখায় আরও সহনশীল হতে। আর দুর্গাপুজোর থেকে বড় উৎসব কি ই বা আছে বাঙালির কাছে। এই সেই উৎসব যেখানে মা-এর প্যাণ্ডেলের কাপড় পরম যত্নে নিয়ে আসেন ভিন্ন ধর্মের কোনও মানুষ কিংবা মা এর মাটি আসে সমাজের নিষিদ্ধ এক পাড়া থেকে।
এইসব কিছু তো আমাদের অজানা নয়। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের আরভাইন শহরের নন-প্রফিট অর্গানাইজেশন “সভা” আয়োজন করে এমনি একটি দুর্গাপুজো যেখানে শুধু বাঙালিরা না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রবাসী মানুষজন অংশগ্রহণ করেন এই পুজোতে। সিঁদুর খেলার নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি সমান তালে চলতে থাকে গুজরাতি গরবা নৃত্য, লাল পাড় সাদা শাড়ির সাথে মিশে যায় ঘাগড়া চোলি লেহেঙ্গারা কিংবা অষ্টমীর পুষ্পাঞ্জলি র পাশে সমান গুরুত্ব পায় ”মাতা কি চৌকি”।
বৈচিত্র্যের মধ্যে ঐক্যর এমন উদাহরণ সচারচর খুব বেশি একটা দেখা যায় না প্রবাসের পুজো গুলোতে। তবে “সভা” র এই পুজো খুব বেশি দিনের না, বছর তিনেক হল শুরু হয়েছে । এ বছর ২৬,২৭ আর ২৮ শে সেপ্টেম্বর “সভা” র ছাদের তলায় সংস্কৃতির এই মেলবন্ধন ঘটবে আবারও। কব্জি ডুবিয়ে ভুরিভোজ, আড্ডা, নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান কোনও কিছুরই কমতি থাকে না। আর শুধু সময়ের অপেক্ষা, তারপর কদিন বাদেই পুজো মন্ডপে দুইহাত জড়ো করে সবাই বলে উঠবেন ‘ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সবার্থ সাধিকে, শরণ্যে ত্রন্ব্যকে গৌরী নারায়ণী নমস্তুতে’।
(Feed Source: zeenews.com)
