ক্রিকেটারদের সাজঘরে হঠাৎ এসে চমকে দিলেন শ্রেয়া, গাইলেন, ‘পিউ বোলে’

ক্রিকেটারদের সাজঘরে হঠাৎ এসে চমকে দিলেন শ্রেয়া, গাইলেন, ‘পিউ বোলে’

কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট টিমের জন্য মিষ্টি চমক শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal)। সেপ্টেম্বরের ৩০ তারিখ, অর্থাৎ গতকাল উদ্বোধন হয়েছে আইসিসি ওম্যান্স ওয়ার্ল্ড কাপ (ICC Women’s World Cup)-এর। আর সেখানেই, লাল পাড় সাদা শাড়িতে হাজির ছিলেন শ্রেয়া। তাঁর গলায় জাতীয় সঙ্গীতে গ্যালারিতে উপস্থিত সবার গায়েই কাঁটা দিয়ে উঠেছে। এদিন, আইসিসি ওম্যান্স ওয়ার্ল্ড কাপের মঞ্চে, জাতীয় সঙ্গীত গেয়ে কার্যত ইতিহাস তৈরি করলেন শ্রেয়া। তবে এই চমক তো কেবল ছিল দর্শকদের জন্য। ক্রিকেটারদের জন্য তোলা ছিল, আরও একটি চমক।

ম্যাচ শুরুর আগে, ক্রিকেটারদের সাজঘরে পৌঁছে গিয়েছিলেন শ্রেয়া। একটি বাদামি ট্র্যাকস্যুট পরেছিলেন তিনি। সেখানে পৌঁছে শ্রেয়া কথা বলেন সমস্ত ক্রিকেটারদের সঙ্গে। ‘পিয়া বোলে’ গানটিও গান তাঁদের সবার সামনে বসে। স্পিনার রাধা যাদব শ্রেয়া ঘোষালের সাজঘরে আসা নিয়ে বলেছেন, ক্রিকেটারদের প্রত্যেকেই শ্রেয়া ঘোষালের অনুরাগী। শ্রেয়াকে তাই কাছে পেয়ে সবাই আল্পুত। টিমের প্রত্যেকেই তাঁকে স্বাগত জানিয়েছেন। বিসিসিআই ওম্যান-এর পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, শ্রেয়া ঘোষালের সাজঘরে পা রাখার সেই ভিডিও।

শ্রেয়া ঘোষাল প্রত্যেকের সঙ্গে হাত মেলান। কথা বলেন। ক্রিকেটাররা স্বীকার করেন, তাঁরা যখন জানতে পারেন যে শ্রেয়া আসছেন, তাঁরা স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু শ্রেয়া যে সাজঘরে এসে তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন, সেই প্রত্যাশা তাঁদের ছিল না। সেই কারণে শ্রেয়া যখন আসেন, সেই মুহূর্তে ভীষণ অবাক হয়ে যান তাঁরা। সবার অনুরোধে শ্রেয়া যখন খালি গলায় ‘পিউ বোলে’ গানটি গান, তখন প্রথমবার তাঁকে উচ্ছ্বাসে গান থামিয়ে দিতে হয়। শেষে সবাই শ্রেয়াকে মজা করে বলেন, ‘আপনি মুম্বই আসছেন’। যে কথা শ্রেয়া বিচারকের আসনে বসে বলেন প্রতিযোগীদের.. সেই কথা নিজে শুনে, নিজেই হেসে ফেলেন শ্রেয়া।

সঙ্গীতশিল্পী এদিন ক্রিকেটাকদের বলেন, ‘গোটা দেশ তোমাদের জন্য প্রার্থনা করছে। আমি ও তোমাদের জন্য প্রার্থনা করছি। সব ভাল হবে।’ এদিন শ্রেয়া আরও একাধিক গান গান। তাঁর সঙ্গে গানে গলা মেলান ক্রিকেটাররাও। সবাই প্রিয় সঙ্গীতশিল্পীকে তাঁদের মধ্যে পেয়ে উচ্ছ্বসিত।

(Feed Source: abplive.com)