India vs West Indies 1st Test Day 1 Highlights: বুমরার বিরল কীর্তি, দিনের শুরুতে পেসারদের দাপট, শেষবেলায় রাহুলের ব্যাট শাসন…

India vs West Indies 1st Test Day 1 Highlights: বুমরার বিরল কীর্তি, দিনের শুরুতে পেসারদের দাপট, শেষবেলায় রাহুলের ব্যাট শাসন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট (India vs West Indies 1st Test)। উইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমন গিলরা (Shubman Gill)। ২ অক্টোবর, বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট। আমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়ামে চলছে খেলা। প্রথম টেস্টের প্রথম দিনেই রীতিমতো চালকের আসনে টিম ইন্ডিয়া।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস

রস্টন চেজের টিম টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে মাত্র ১৬২ রানে গুটিয়ে গেল উইন্ডিজের ইনিংস। দশমীর সকালে সবরমতীর তীরে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের ধেয়ে আসা মিসাইলে উইন্ডিজ ব্যাটাররা দাঁড়াতেই পারলেন না। ২৩ ওভারের ভিতর ৯০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দল ৪৪.১ ওভার খেলতে পারল। উইন্ডিজ দলের সর্বাধিক স্কোরার সাতে নামা জাস্টিন গ্রিভস। তিনিই একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন ৩২ রানের ইনিংস খেলে। বাকিরা ওই ২০-র গণ্ডি টপকাতেই হিমশিম খেয়েছেন। এদিন লাঞ্চের পরেই লেজ মুড়িয়ে গেল চেজ বাহিনীর। সিরাজ তুলে নেন ৪ উইকেট, বুমরার ঝুলিতে আসে ৩ উইকেট। ২ উইকেট কুলদীপ যাদবের ও ১ উইকেট ওয়াশিংটন সুন্দরের।

বুমরার বিরল কীর্তি

এদিন বুমরা তাঁর অসাধারণ কেরিয়ারে আরও একটি মাইলস্টোন তৈরি করলেন। ভারতের মাটিতে দ্রুততম বোলার হিসেবে ৫০ টেস্ট উইকেট নেওয়ার নজিরে নিজের নাম লিখিয়ে নিলেন। মাত্র ১৭৪৭ ডেলিভারিতেই কেল্লাফতে বুমরার। অপ্রতিরোধ্য ইয়র্কারে জোহান লেনের উইকেট ছিটকে দিতেই চলে আসে এই রেকর্ড। লেন ছাড়াও বুমরা জাস্টিন গ্রিভস এবং জন ক্যাম্পবেলকে আউট করেছেন। ঘরের মাঠে দ্রুততম ৫০ টেস্ট উইকেট অর্জনকারী ভারতীয় পেসার হিসাবে বুমরার সঙ্গে উচ্চারিত হবে জাভাগাল শ্রীনাথের নামও। যদিও বুমরা ২৪ ইনিংসে এই কাজ করেছেন। শ্রীনাথের লেগেছিল ২৭ ইনিংস। কপিল দেব (২৫ ইনিংস) ইশান্ত শর্মা (২৭ ইনিংস) এবং মহম্মদ শামিরা (২৭ ইনিংস) এর পরেই রয়েছেন।

পরিসংখ্যানগত ভাবে ভারতের ৩০ জন বোলারের মধ্যে বুমরা অনন্য, যারা কমপক্ষে ৫০টি টেস্ট উইকেট নিয়েছেন। বুমরার গড় সর্বোচ্চ- ১৭। অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার রিচার্ড বেনো, যিনি ১৮.৩৮ গড়ে ৫২টি উইকেট নিয়েছেন, তিনিই একমাত্র বোলার যিনি ভারতে ৫০টিরও বেশি টেস্ট উইকেট পেয়েছেন ২০-রও কম গড়ে। যদিও সামগ্রিক ভাবে টেস্ট রেকর্ডের মাধ্যমে তার অর্জন আরও উল্লেখযোগ্য। টেস্ট ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি ২০-রও কম গড়ে ২০০-রও বেশি উইকেট পেয়েছেন। এখনও পর্যন্ত ৪৯ টেস্টে ১৯.৭৪ গড়ে ২২২টি উইকেট পেয়েছেন।

লেনকে আউট করার সঙ্গেই বুমরা, বোল্ড করে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ফাস্ট বোলারদের তালিকায় ব্রেট লিকে ছাড়িয়ে গেলেন। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ৪৯ ম্যাচের কেরিয়ারে, ৩১ বছর বয়সী এই বোলার এখনও পর্যন্ত ৬৫টি বোল্ড ডিসমিসাল করেছেন। লি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে ৬৪টি বোল্ড ডিসমিসালে নাম লিখিয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, এই দিক থেকে সর্বাধিক উইকেট নিয়ে ভারতীয় ফাস্ট বোলার হওয়ার জন্য বুমরার আর মাত্র দু’টি বোল্ড উইকেট দরকার। বুমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে ঘরের মাঠে ৫০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় ফাস্ট বোলারও হয়েছেন। সামগ্রিকভাবে ২০১৯ সালে ডব্লিউটিসি চালু হওয়ার পর থেকে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পর তিনি তৃতীয় ভারতীয় বোলার যিনি এই কীর্তি গড়লেন।

ভারতের প্রথম ইনিংস

উইন্ডিজের ১৬২ রানের জবাবে ভারত প্রথম দিনের শেষেই ২ উইকেটে ১২১ রান তুলে ফেলেছে। ভারত ৪১ রানে পিছিয়ে। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ওপেন করতে নেমেছিলেন। যশস্বী ৫৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন ৭ চারের বিনিময়ে। তবে জেডেন সিলসের বলে কাট করতে গিয়েই তিনি শে হোপের হাতে ধরা পড়ে যান। এরপর রাহুলের হাত শক্ত করতে আসা সাই সুদর্শন চেজের বলে মাত্র ৭ রান করে এলবিডব্লিউ হয়ে যান। দিনের শেষে রাহুল ও শুভমন রয়েছেন ক্রিজে। রাহুল ৫৩ রানে ও শুভমন ১৮ রানে অপরাজিত আছেন।

ঘরের মাঠে অধিনায়ক হিসাবে প্রথম টেস্ট শুভমনের 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট আমদাবাদে, সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ১০ অক্টোবর থেকে। ইংল্যান্ড সিরিজের পর ভারতের প্রথম লাল-বলের আউটিং হবে ঘরের মাঠে। রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে ইংল্যান্ডে ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে পথ চলা শুরু হয়েছে শুভমনের। এবার টেস্ট নেতা শুভমন ঘরের মাঠে প্রথম নেতৃত্ব দেবেন লাল বলের ক্রিকেটে। এরপর ভারত নভেম্বরে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। উইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজ তরুণ অধিনায়ক এবং তাঁর দলকে তৈরি করার আদর্শ মঞ্চ গড়ে দেবে।

(Feed Source: zeenews.com)