
কলকাতা: বছরের শেষেই সাত পাকে বাঁধা পড়ার কথা তাঁর, তার মধ্যেই নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। তবে জন্মদিনের দিনটা একটু বিশেষই। আর তাই, বাড়িতেই, প্রিয় মানুষদের সঙ্গে বিশেষ দিনটা কাটালেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন একগুচ্ছ ছবি। গোটা আয়োজনই করেছিলেন অভিনেত্রীর প্রেমিক দেবমাল্য চক্রবর্তী (Devmalya Chakraborty)। তাঁর সঙ্গেই বছরের শেষে সাত পাকে বাঁধা পড়ার কথা অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়ায় মধুমিতা যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, বাড়িতেই সাদামাটা করে আয়োজন করা হয়েছিল অভিনেত্রীর জন্মদিন উদযাপনের। বেলুনে সাজানো হয়েছিল বাড়ি, আনা হয়েছিল পছন্দের কেক ও। কেক কেটে, প্রিয়জনেদের খাইয়ে দেন অভিনেত্রী, তবে সবার আগে অবশ্যই দেবমাল্যকে। উপস্থিত ছিলেন মধুমিতার পরিবারের সবাই ও বন্ধুরা। সঙ্গে ছিল তাঁর পোষ্যরাও। তারাও বাদ গেল না আনন্দ থেকে। কেকের পাশাপাশি, পছন্দের উপহার ও পেলেন মধুমিতা।
সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘না ভোলার মতো একটা দিন। কত হাসি, আনন্দ আর সম্পর্কের উষ্ণতা.. আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ। আমার বিশেষ দিনটাকে, আরও বিশেষ করে তোলার জন্য, তোমায় অনেক ভালবাসা দেবমাল্য। অভিনেত্রীর এই ছবিতে সবাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি অনেকেই লিখেছেন, মধুমিতা যে দেবমাল্যর সঙ্গে সম্পর্কে থেকে সুখী, তাতে তাঁরা খুশি। এবার মধুমিতার উচিত বিয়ে করে নতুন জীবন শুরু করা।
মধুমিতার সঙ্গে প্রেম করেই বিবাহ হয়েছিল সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)। দুজনেই একটি ধারাবাহিকে অভিনয় করতেন। সেখান থেকেই প্রেমের শুরু। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা ও সৌরভ। তবে তাঁদের সম্পর্ক টেঁকেনি। সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন মধুমিতা ও সৌরভ। তাঁদের আইনত বিচ্ছেদ না হলেও বর্তমানে একাই থাকেন তাঁরা। সৌরভের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে মধুমিতার সঙ্গে একাধিক অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই খবর প্রকাশ্যে কখনও স্বীকার করেননি মধুমিতা। ২০২৪ সালের অষ্টমীতে মধুমিতা প্রকাশ্যে আনেন যে তিনি প্রেম করছেন। জানা যায়, প্রেমিক দেবমাল্য নায়িকার ছোটবেলার বন্ধু। তবে রুপোলি পর্দার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। মধুমিতা বোধহয়, রুপোলি পর্দার বাইরের জগতকে দেখতে চান তাঁর চোখ দিয়েই। সেই কারণেই দেবমাল্যর সঙ্গে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
(Feed Source: abplive.com)
