আদিত্যর অভিষেক হতে পারে, রেলওয়েজের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, ঈশানের ফিটনেস নিয়ে প্রশ্ন

আদিত্যর অভিষেক হতে পারে, রেলওয়েজের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, ঈশানের ফিটনেস নিয়ে প্রশ্ন

সন্দীপ সরকার, কলকাতা: মনে করা হচ্ছিল, অভিমন্যু ঈশ্বরণ কিংবা সুদীপ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি অনেকটাই ঢেকে দিতে পারেন তিনি। গুজরাত ম্যাচের দ্বিতীয় ইনিংস থেকেই খেলানো হচ্ছে তাঁকে। কিন্তু তিন ইনিংসে বাঁহাতি ব্যাটার কাজি জুনেইদ সইফি করেছেন মোটে ১ রান। ত্রিপুরার বিরুদ্ধে ইনিংস ওপেন করে দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন! রেলওয়েজের বিরুদ্ধে শনিবার থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির ম্যাচে বাংলার একাদশে কাজিকে সম্ভবত দেখা যাবে না। তাঁকে বাদ দিয়েই নকশা সাজাচ্ছে বাংলা।

শনিবার সুরাতে রেলওয়েজ়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচ খেলতে নামছে বাংলা। সেই ম্যাচে অভিষেক হওয়ার সম্ভাবনা আদিত্য পুরোহিতের। আগের ম্যাচেই তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল বাংলা টিম ম্যানেজমেন্টের। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত বদল হয়। যদিও রেলওয়েজ়ের বিরুদ্ধে ফের পরিকল্পনায় আদিত্যর নাম। আদিত্যর অভিষেক হতে পারে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কল্যাণীতে তিনি ইনিংস ওপেন করে হাফসেঞ্চুরি করেছিলেন। রেলওয়েজ়ের বিরুদ্ধে তাঁকে দিয়েই ইনিংস ওপেন করানোর ভাবনা রয়েছে।

সুরাতে স্পিন বোলিং সহায়ক পিচে খেলতে হবে বাংলাকে। সুরাতে খোঁজ নিয়ে জানা গেল, উইকেট থেকে স্পিনাররা বাড়তি সাহায্য় পেতে পারেন। বাংলা তাই তিন স্পিনার খেলানোর পরিকল্পনা করছে। বিশাল ভাটিকে ফেরানো হতে পারে। সঙ্গে থাকবেন শাহবাজ আমেদ ও অফস্পিনার রাহুল প্রসাদ। ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয়েছে রাহুলের। সঙ্গে থাকবেন দুই পেসার। মহম্মদ কাইফের খেলা কার্যত নিশ্চিত। দ্বিতীয় পেসার হয়তো সূরয সিন্ধু জয়সওয়াল। ঈশান পোড়েলের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁকে বিশ্রাম দিতে পারে বাংলা। মহম্মদ শামি এই ম্যাচে খেলছেন না। আকাশ দীপ ভারতীয় এ দলে। মুকেশ কুমার এখনও ফিট নন। তাই বোলিং বিভাগ নিয়ে নতুন করে অঙ্ক কষতে হচ্ছে বাংলা শিবিরকে।

বদলে যাচ্ছে বাংলার অধিনায়কও। প্রথম দুই ম্যাচে বাংলার নেতৃত্বে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। তবে ভারত এ দলে ডাক পাওয়ায় ত্রিপুরার বিরুদ্ধে অধিনায়কত্ব করেছিলেন অভিষেক পোড়েল। রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন অভিষেক। রেলওয়েজ়ের বিরুদ্ধে তাঁর বদলে নেতৃত্ব দেওয়ার কথা সুদীপ কুমার ঘরামির।

প্রতিপক্ষকে সমীহ করছেন কোচ লক্ষ্মীরতন। বলছিলেন, ‘রঞ্জি ট্রফিতে কোনও দলই দুর্বল হয় না। ভাল ক্রিকেট খেলতে হবে আমাদের। বারবার ক্রিকেটারদের চোট আঘাত কিংবা জাতীয় শিবিরে ডাক পাওয়ায় আমাদের পরিকল্পনা বদলাতে হচ্ছে। তবে নতুনরা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে।’

(Feed Source: abplive.com)