
নয়াদিল্লি: রাজধানীর বুকে তীব্র বিস্ফোরণ, তা থেকে প্রাণহানি, আতঙ্ক। এই আবহেই নিজের দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা ও ব্রিটেন। দিল্লির লালকেল্লা ও সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে বলার পাশাপাশি, দেশের সর্বত্রই সতর্ক থাকতে বলা হয়েছে। (Delhi Bomb Blast News)
সোমবার সন্ধেয় লালকেল্লা মেট্রো সিগনালের কাছে একটি গাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশোপাশের আরও বেশ কিছু গাড়ি-বাইক যেমন টুকরো টুকরো হয়ে যায়, তেমনই ছিন্নভিন্ন হয়ে যান অনেকেই। এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন প্রায় ২০ জন।
এই ঘটনার পর দেশের একাধিক সহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর তাতেই নিজের দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকা ও ব্রিটেন। ভারতে আমেরিকার দূতাবাসের তরফে বলা হয়, ‘১০ নভেম্বর মধ্য দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে, যাতে অনেকের প্রাণহানি ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও, একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে ভারত সরকার’।
India: On Nov. 10, a car exploded near the Lal Quila (Red Fort) metro station in central Delhi, India, with local media reporting multiple casualties.
While the cause of the explosion is unknown at this time, the Government of India has placed several Indian states on high alert.… pic.twitter.com/4E44MxxIkT— Travel – State Dept (@TravelGov) November 10, 2025
এই সময় ভারতে থাকলে কী কার উচিত, তাও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়-
১) লালকেল্লা ও চাঁদনি চক সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে হবে।
২) এড়াতে হবে ভিড়।
৩) স্থানীয় সংবাদমাধ্যমের খবর ও আপডেটের উপর নজর রাখতে হবে।
৪) চারপাশ সম্পর্কে সজাগ থাকা প্রয়োজন।
৫) পর্যটক সমাগম ঘটে, এমন জায়গায় সতর্ক থাকতে হবে।
অন্য দিকে, ব্রিটেনের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশন এলাকায় থাকলে স্থানীয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী চলতে হবে। নজর রাখতে হবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। পাশাপাশি, ভারত সফর নিয়ে সতর্ক করে বলা হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটার এলাকা এড়িয়ে চলতে হবে। ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধ আপাতত। জম্মু ও কাশ্মীর, বিশেষ করে পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর এবং জম্মু ও শ্রীনগর হাইওয়ে নিয়েও সতর্ক করা হয়েছে। জম্মু শহরের মধ্যে ঘোরাফেরায় যদিও বাধা নেই। জম্মু গেলে বা সেখান থেকে ফিরলে, বিমানযাত্রার পরামর্শই দেওয়া হয়েছে। অত্যন্ত প্রয়োজন ছাড়া মণিপুরের ইম্ফল এড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে সকলকে।
ভারতে ফ্রান্সের দূতাবাস জানিয়েছে, দিল্লিতে থাকা ফরাসি নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভিড় ও জনসমাগম এড়িয়ে চলা উচিত।
(Feed Source: abplive.com)
