রঞ্জিতে কাল বাংলা দলে ফিরছেন শামি, সবুজ পিচে তিন পেসারে অসম-বধের পরিকল্পনা

রঞ্জিতে কাল বাংলা দলে ফিরছেন শামি, সবুজ পিচে তিন পেসারে অসম-বধের পরিকল্পনা

কলকাতা: চার ম্যাচের একটিতে পরাজয় । ড্র বাকি তিন ম্যাচ । যার কোনও ম্যাচেই প্রথম ইনিংসের লিড পায়নি । তাই ঝুলিতে এসেছে মোটে এক পয়েন্ট করে । রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র একেবারে তলানিতে পড়ে রয়েছে অসম ।

দুর্বল সেই প্রতিপক্ষের বিরুদ্ধেই রবিবার থেকে রঞ্জি ট্রফির লড়াইয়ে নামছে বাংলা । যারা এই মুহূর্তে গ্রুপ সি-র শীর্ষে । ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে পা বাড়িয়েই রেখেছে । তবু প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল । বলছিলেন, ‘রঞ্জি ট্রফিতে কোনও দল দুর্বল বা শক্তিশালী হয় না । নির্দিষ্ট দিনে ভাল খেলতে পারলে যে কোনও দল যে কাউকে হারিয়ে দিতে পারে ।’

বাংলার ঘরের মাঠের ম্যাচ । তবে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ চলছে বলে বাংলা বনাম অসম ম্যাচ হচ্ছে কল্যাণীতে । বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে । যে মাঠের বাইশ গজ বরাবরই পেসারদের সাহায্য করে । বাংলা বনাম অসম ম্যাচের পিচেও সবুজের আভা । বাংলা এই ম্যাচে পাচ্ছে মহম্মদ শামিকে । রেলওয়েজেরে বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি শামি । ডানহাতি পেসারকে শনিবারই ১০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ ট্রেডিং করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টসে ।

নতুন উদ্যমে রঞ্জিতে নামছেন শামি । তাঁর কাছে এই ম্যাচে প্রমাণ করার বাড়তি তাগিদও থাকবে । কারণ, এই ম্যাচ দেখতে কল্য়াণীতে যেতে পারেন ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর । মূলত শামিকে দেখতেই ।

আগের ম্যাচের প্রথম একাদশে অন্তত তিনটি বদল হচ্ছে । অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ অসম ম্যাচে ফিরছেন আদিত্য পুরোহিতের জায়গায় । একাদশে ফেরানো হচ্ছে ঈশান পোড়েলকে । স্পিনার বিশাল ভাট্টির পরিবর্তে । সুমিত মোহান্ত বাদ পড়ছেন একাদশ থেকে । তৃতীয় পেসার হিসাবে খেলবেন মহম্মদ কাইফ ।

অসম এই ম্যাচে পাচ্ছে না রিয়ান পরাগকে । ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছেন তিনি । তবে লক্ষ্মীরতন বলছেন, ‘প্রতিপক্ষ দলে কে আছে কে নেই ভাবছি না । আমরা নিজেদের শক্তি ও দুর্বলতা নিয়েই ভাবছি । সেই অনুযায়ী পরিকল্পনা সাজানো হচ্ছে । পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই ।’

(Feed Source: abplive.com)