)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) হবে আবু ধাবিতে (Abu Dhabi)। আগামী বছর আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এখন চলছে ভরপুর ট্রেডিংয়ের মরসুম। জার্সিবদলের একেবারে গরমাগরম বাজারে আসছে একের পর এক আপডেট। তবে ট্রেডিংয়ে সবচেয়ে বেশি চর্চায় ছিলেন দুই ভারতীয় তারকা-সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা (Sanju Samson-Ravindra Jadeja Swap Deal)!
স্যামসন-জাদেজা লেনদেন
প্রতীক্ষার অবসান। আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড হয়ে গেল মিনি নিলামের আগেই। রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস পারস্পরিক চুক্তিতেই আনুষ্ঠানিক ভাবে দিল বিরাট আপডেট। রাজস্থানের প্রাক্তন নেতা সঞ্জু স্যামসন চলে এলেন চেন্নাই সুপার কিংসে। ওদিকে রবীন্দ্র জাদেজার সঙ্গেই ইংলিশ তারকা অলরাউন্ডার স্যাম কারেন চেন্নাই ছেড়ে চলে এলেন রাজস্থানে। দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের মতো একাধিক ফ্র্যাঞ্চাইজির চেয়েছিল কেরলের নায়ক স্যামসনকে। তবে নিলামে না গিয়ে লেনদেনের পথেই হাঁটলেন তিনি। সূত্রের খবর, এমএস ধোনি নিজেই নাকি স্যামসনকে দলে নেওয়ার জন্য সিএসকে-র ম্যানেজমেন্টকে চাপ দিয়েছিলেন! স্যামসন চেন্নাইয়ে কত টাকায় আসলেন? ২০২৫ সালে রাজস্থান ঠিক যে বেতন দিয়েছে স্যামসনকে, ঠিক সেই পরিমাণ বেতনই চেন্নাইও দেবে তাঁকে। যার মানে ১৮ কোটি টাকা পাবেন কেরলের ক্রিকেটার। রবীন্দ্র জাদেজা নিজের দাম কমিয়েছেন। ১৮ কোটি টাকা পেতেন চেন্নাইতে। রাজস্থানে এলেন ১৪ কোটি টাকায়। ওদিকে স্যাম কারেন ২.৪ কোটি টাকাই পাবেন। প্রথমে চেন্নাই কেবল নগদ অর্থের বিনিময়ে স্যামসনকে কিনতে চেয়েছিল। রাজস্থান তা প্রত্যাখ্যান করে খেলোয়াড়দের চেয়েছিল। রাজস্থানের প্রস্তাবেই রাজি হয়ে যায় চেন্নাই।
স্যামসনের প্রভাব
পাঁচবারের চ্যাম্পিয়নরা সিএসকে সম্প্রতি প্লে-অফে উঠতে বারবার ব্যর্থ হচ্ছে! একই সমস্যার সম্মুখীন হয়েছেন ধোনিরা। বার্ধক্যজনিত মিডল অর্ডারের সঙ্গেই প্রতিকৃলতায় জুড়েছে সীমিত হিটিং পাওয়ার। একসময়ের প্রভাবশালী স্পিন আক্রমণের কার্যকারিতার ক্রমাগত হ্রাস পেয়েছে। স্যামসনের আগমনে চেন্নাইয়ের ব্যাটিং বিভাগ নিঃসন্দেহে উন্নত হবে। রাজস্থানে ১১ মরসুম কাটিয়ে তিনি ৪০২৭ রান করেছিলেন। দলকে ২০২২ সালের ফাইনালে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০২৪ সালে কেরিয়ারের সেরা ৫৩১ রান করেছিলেন। আইপিএল ২০২৫-এর পরেই তিনি রাজস্থানকে বলে দিয়েছিলেন তাঁকে মুক্তি দিতে।
স্যামসনের আইপিএলে দলবদল
২০১২ সালে স্যামসনকে কলকাতা নাইট রাইডার্স ৮ লক্ষ টাকায় দলে নিয়েছিল। কিন্তু তখন একটিও ম্যাচ খেলেননি তিনি। পরের বছরই কলকাতা ছেড়ে রাজস্থানে চলে যান স্যামসন। ২ লক্ষ টাকা বেতন বাড়িয়ে ১০ লক্ষে চুক্তিবদ্ধ হয়েছিলেন। ২০১৬ এবং ২০১৭ মরসুমে রাজস্থান আইপিএলে নির্বাসিত থাকায় স্যামসন খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে (অধুনা দিল্লি ক্য়াপিটালস)! কলকাতায় ৮ লাখে আইপিএল শুরু করা স্যামসনের এখন বাজারদর ১৮ কোটি টাকা! কী অসাধারণ উত্থান তাঁর। যার মানে প্রায় ২২৫ গুণ বেড়েছে তাঁর দাম।
স্যামসনের আইপিএল কেরিয়ার
বিগত ১০ বছর আন্তর্জাতিক আঙিনায় কাটানো স্যামসন এখনও পর্যন্ত আইপিএলে খেলেছেন ১৭৭ ম্যাচ। করেছেন ৪৭০৪ রান। আছে ৩ সেঞ্চুরি ও ২৬ অর্ধ-শতরান। ব্যাটিং গড় ৩০.৯৫ ও স্ট্রাইক রেট ১৩৯.০৫। ক্যাচ নিয়েছেন ৮৬টি, স্টাম্পিং করেছেন ১৭ বার!
ধোনির জায়গায় স্যামসন!
জাদেজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি হয়তো সহজ ছিল না, তবুও ধোনি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছেন বলেই জানা গিয়েছে। স্যামসনের আগমনের সঙ্গেই সিএসকে-র অনুসারী আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে তরুণ ভক্তদের মধ্যে। মাঠে শান্ত এবং সংযত, স্যামসনের ধোনির মতোই নেতৃত্বের মেজাজ রয়েছে। যা সিএসকে-তে ক্লিক করে যেতে পারে। ধোনি যদি আগামী মরসুমের পরেই অবসর নেন, তাহলে তাঁর অনেক ভক্তই স্যামসনের দিকে তাঁদের সমর্থন সরিয়ে নেবেন বলেই মনে করা হচ্ছে। কেরালার এই তারকা খেলোয়াড় দুটি দুর্দান্ত ইনিংস খেললেই চেন্নাই সুপার কিংসের নতুন মুখ হয়ে যেতে পারেন রাজস্থান রয়্যালসের হয়ে ১১ট মরসুম খেলা স্যামসন এখন তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় পদক্ষেপের জন্য প্রস্তুত বলেই রিপোর্ট।
জাদেজাহীন চেন্নাই
চেন্নাইয়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল জাদেজার বিদায়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি সিএসকে-র প্রাণভোমরা ছিলেন। ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে তিনটি আইপিএল জয়ী সিএসকে দলের অংশ ছিলেন তিনি। জাদেজা ইয়েলো আর্মির হয়ে ১৫০-রও বেশি উইকেট নিয়েছেন এবং ২৩০০-রও বেশি রান করেছেন। ২০২৩ সালের ফাইনালে জাদেজার অবিস্মরণীয় ইনিংস ভুলবে না আইপিএল। নূর আহমেদের যোগদান এবং শ্রেয়স গোপালের উপস্থিতি সত্ত্বেও, জাদেজার মতো একজন সুপারস্টারের বিকল্প পাওয়া রীতিমতো কঠিন কাজ হবে রুতুরাজ গায়কোয়াড়দের। জাদেজার বিকল্প খুঁজে বের করার চাপের মধ্যে দিয়েই সিএসকে মিনি নিলামে দল গোছাতে হবে। জাদেজাকে চেন্নাই ‘থালাপতি’ নামেই ডাকে। চেন্নাই জানিয়েছে আজীবন জাদেজা থাকবেন চেন্নাইয়ের ইতিহাসে।
জাদেজা ফিরলেন রাজস্থানে!
২০০৮-০৯ মরসুম রাজস্থানেই খেলেছেন জাদেজা। এরপর দু’দফায় চেন্নাইতে ১২ বছর খেলেছেন তিনি। রাজস্থান রয়্যালসের জন্য, জাদেজার প্রত্যাবর্তন আবেগপ্রবণের সঙ্গেই কৌশলগত। চলতি বছর আইপিএলের দ্বিতীয়ার্ধে রাজস্থানের ফর্মের তীব্র অবনতির সঙ্গে জুড়েছিল স্যামসনের চোট। যা তাদের অবস্থা আরও জটিল করে দেয়। প্রথম একাদশে ভারসাম্য এবং অভিজ্ঞতার অভাব ফুটে উঠেছিল। জাদেজা শেষ ওভারগুলিতে কামাল করতে পারতেন। তাঁর অলরাউন্ড দক্ষতা প্রশ্নাতীত। এর সঙ্গে কারানের যোগদানও রাজস্থানের অলরাউন্ড কোরকে আরও শক্তিশালী করবে।
(Feed Source: zeenews.com)
