
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও একবার বড়পর্দায় এক সৎ, আদর্শবাদী এবং নির্ভীক পুলিস অফিসারের ভূমিকায় হাজির হচ্ছেন অভিনেতা টোটা রায়চৌধুরী। মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি পুলিস-এর অফিসিয়াল ট্রেলার। পরিচালনায় রয়েছেন রাজা চন্দ। প্রথম ঝলকেই অ্যাকশন, উত্তেজনা এবং নাটকীয়তায় ভরপুর ট্রেলারটি ,দর্শকদের নজর কাড়ছে। ইকুইনক্স ফিল্ম সিটি ও প্রার্থনা মুভিজ -এর ব্যানারে প্রযোজক ঝুমা পাল ও স্বপ্না সিং এর প্রযোজনাতে ২১-শে নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি৷
ছবির কেন্দ্রবিন্দুতে শহরের এক দাপুটে মাফিয়া – যার নেই পুলিসের ভয়, নেই ক্ষমতার কাছে নতি স্বীকার। নিজস্ব শক্তিতে সে চালিয়ে যাচ্ছে তার সাম্রাজ্য। কিন্তু তার এই রাজত্ব কি আর টিকবে? এই প্রশ্নের উত্তরই বয়ে আনবে ছবির কাহিনি। জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী-কে ইন্সপেক্টর রণদীপ রায়, এক সৎ, আদর্শবাদী এবং নির্ভীক পুলিসের ভূমিকায় দেখা যাবে । তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা আর. কে. সিং, যিনি অভিনয় করেছেন দেবী দাস চৌধুরী চরিত্রে। ট্রেলারের প্রতিটি ফ্রেমেই দেখা যায় দু’জনের তীব্র মুখোমুখি সংঘর্ষ আর ধারালো অ্যাকশন সিকোয়েন্স।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে টোটা রায়চৌধুরী জানান, ‘আমি এর আগে বহুবার পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছি। তবে আমার একটাই শর্ত ছিল – আমি কখনও দুর্নীতিগ্রস্ত পুলিসের ভূমিকায় অভিনয় করব না। কাছ থেকে পুলিসদের কাজ দেখেছি। আজ সবাই শুধু খারাপ দিকগুলো দেখান, কিন্তু ইতিবাচক মানুষগুলোও আছে। ভাবুন তো, যদি একদিন পুলিস কাজ না করেন, তখন সমাজটা কেমন হবে?’

প্রযোজক ঝুমা পাল জানান, ‘এই ছবিতে দর্শক টোটাকে দেখবেন একদম নতুন ‘অ্যাকশন মোডে’। গান, নাচ, রহস্য আর ভরপুর অ্যাকশন – সব মিলিয়ে ছবিটি হতে চলেছে বাণিজ্যিক বিনোদনে ভরপুর। তাঁর কথায়, ‘আমাদের ছবি ২১শে নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে। আশা করি দর্শক ভালোবাসবেন।’

অভিনেতা আর. কে. সিংও টোটার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত। তিনি জানান, ‘টোটা রায়চৌধুরী যেমন ভালো অভিনেতা, তেমনই অসাধারণ মানুষ। ছবিতে এমন কিছু উত্তেজনাপূর্ণ দৃশ্য আছে যা দর্শকদের অবশ্যই ভালো লাগবে।’
আরও পড়ুন: ‘ডিম্বাণু ফ্রিজ করার চেয়ে, গর্ভধারণ করা অনেক সহজ ছিল…’ রাজকুমার-এর ঘরে এল রাজকন্যা
একদিকে সৎ পুলিস, অন্যদিকে দাপুটে মাফিয়া, এই লড়াই নিয়েই বড়পর্দায় আসছে ‘পুলিস’। ট্রেলার দেখে মনে হচ্ছে, রাজা চন্দের নতুন ছবি এ বছর অ্যাকশনপ্রেমীদের জন্য হতে চলেছে এক পুরোপুরি ভিন্নরকমের অভিজ্ঞতা। এখন দেখার বিষয় রাজার এই নতুন ছবিতে, টোটার পুরনো অবতার দর্শকদের মনে কি জায়গা করে নিতে পারবে।
(Feed Source: zeenews.com)
