শামি মনপ্রাণ ঢেলে বল করছে, ভারতীয় দলে জায়গা প্রাপ্য, কল্যাণীতে বড় ঘোষণা কোহলির কোচের

শামি মনপ্রাণ ঢেলে বল করছে, ভারতীয় দলে জায়গা প্রাপ্য, কল্যাণীতে বড় ঘোষণা কোহলির কোচের

সন্দীপ সরকার, কল্যাণী: তিনি ভারতের সেরা দুই ফাস্টবোলারের মধ্যে একজন। অথচ মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ঐতিহাসিক ফাইনালের পর থেকে আর ভারতের জার্সিতে খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে। কখনও বলা হচ্ছে তিনি ফিট নন। কখনও পারফরম্যান্স সত্ত্বেও স্রেফ উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।। রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। ডানহাতি ফাস্টবোলারের গতি ও আগুনে পুড়ে ছারখার হচ্ছে প্রতিপক্ষ। অনেকে ভেবেছিলেন, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার হিসাবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে তাঁকে দেখা যাবে।

কিন্তু বিধি বাম। ভারতীয় দলের দরজা খোলেনি শামির সামনে। হতাশায় কিছুটা ভেঙে পড়েছিলেন। রেলওয়েজের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি। তবে অসমের বিরুদ্ধে দলে ফিরেই ভেল্কি। ফের ছন্দে শামি। অসমের তিন উইকেট তুলে নিলেন ডানহাতি ফাস্টবোলার। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে শামির আগুনে কোণঠাসা অসম। প্রতিপক্ষ শিবিরের তিক্ত অভিজ্ঞতা হলেও, ড্রেসিংরুমে বসে শামির বোলিং দেখাটা স্বর্গীয় অনুভূতি, জালানেল রাজকুমার শর্মা।

বিরাট কোহলির ব্যক্তিগত কোচ কল্য়াণীতে কী করছেন? খোলসা করলেন রাজকুমার। বললেন, ‘আমি অসম দলের মেন্টর হিসাবে কল্যাণীতে এসেছি। দলের ক্রিকেটারদের উদ্বুধ্দ করা, পরিকল্পনা তৈরি ইত্যাদি করতে হয়। তবে এই ম্যাচে শামিকে দেখে মুগ্ধ।’

শামিকে কেমন দেখলেন? রাজকুমার রাখঢাক না করে বললেন, ‘এখনও আমার চোখে ভারতের অন্যতম সেরা ফাস্টবোলার মহম্মদ শামি। যেরকম মনপ্রাণ ঢেলে বল করছে, শেখার মতো। ওর বোলিং ভীষণ উপভোগ করেছি। যেরকম ছন্দে ছিল, বল হাত থেকে যেভাবে বেরচ্ছিল, আর যে গতিতে বল করছিল, অনবদ্য। দারণ বল করেছে। আমার আশা ও দ্রুত ভারতীয় দলে ফিরবে। ভারতীয় দলে একটা জায়গা ওর প্রাপ্য। দারুণ বল করছে ও।’

রাজকুমার আরও বললেন, ‘বাংলার বোলিং আক্রমণের প্রশংসা করি। তাও তো ওদের দুজন জোরে বোলার – আকাশ দীপ ও মুকেশ কুমার নেই। তারপরেও ওদের জোরে বোলিং আক্রমণ দুর্দান্ত। আমি তো বাংলার ক্রিকেটকে অভিনন্দন জানাতে চাই, ভারতীয় ক্রিকেটকে এত ভাল ভাল ফাস্টবোলার উপহার দিচ্ছে বলে। আর তাদের সকলের কাছে বিরাট এক অনুপ্রেরণার নাম হয়ে রয়েছে মহম্মদ শামি।’

(Feed Source: abplive.com)