ফের কাঠগড়ায় নন্দন! প্রাইম টাইম শো পেল না অর্জুনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’

ফের কাঠগড়ায় নন্দন! প্রাইম টাইম শো পেল না অর্জুনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’

 

কলকাতা: ফের কাঠগড়ায় নন্দন, তবে এই প্রথম নয়। যখনই একাধিক সিনেমা মুক্তি পায়, তখনই নন্দনে শো পাওয়া নিয়ে একটা প্রত্যক্ষ বা পরোক্ষ লড়াই চলে ছবিগুলির মধ্যে। অনেক ছবির ক্ষেত্রেই এমনটা হয়েছে যে, ছবি মুক্তি পাওয়ার পরে পরেই নন্দনে শো-টাইম পায়নি। ছবি মুক্তির ১ সপ্তাহ পরে নন্দনে শো পাওয়া গিয়েছে। এই মাসে মুক্তি পাচ্ছে ৩টি বাংলা ছবি। এর মধ্যে একটি ‘ডিপ ফ্রিজ’ (Deep Fridge)। আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) অভিনীত এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত (Arjunn Dutta)। তিনিই এবার আঙুল তুললেন, নন্দনের শো-টাইম নিয়ে!

সোশ্যাল মিডিয়ায় অর্জুন প্রথমেই জানিয়েছেন, তিনি মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পছন্দ করেন না, কিন্তু এখন তিনি সেটা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছেন। অর্জুন জানিয়েছেন, ‘আজ এমন একটা ঘটনা ঘটল যাতে আমি গোটা বিষয়টা লিখতে বাধ্য হচ্ছি। সবাই জানেন, আমার পরিচালনায়, ‘কালার্স অফ ড্রিমস এন্টারটেনমেন্ট’ প্রযোজিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ডিপ ফ্রিজ’, আগামীকাল থেকে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে।  নিজেদের সাধ্যমতো চেষ্টায় প্রমোশন ও শো টাইম নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। তবে এসবের মধ্যেও একটা কথা বলতে বাধ্য হচ্ছি, জাতীয় পুরস্কারের মতো একটা ভ্যালিডেশন থাকার পরেও নন্দন ১ -এ সুযোগ্য শো টাইম পেল না এই ছবি। সূত্র মারফত খবর ছিল, সুনিশ্চিত প্রাইম টাইম -ই পাবে ‘ডিপফ্রিজ’, তবে আজ আমাদের ছবিকে দুপুর একটার শো টাইম দেওয়া হয়েছে।’

অর্জুনের অভিযোগ, তিনি এর আগে ৫টি ছবি পরিচালনা করেছেন। ভাল ছবি তৈরি করা ছাড়া অন্য কোনও প্রভাব তাঁর ছিল না কখনও। তিনি লিখছেন, ‘আজ যে ঘটনা ঘটল, তা ঠিক কিসের প্রভাবে? আমি জানতে চাই! এরপর কী করব, ছবি তৈরি বন্ধ করে দেব? আমি সত্যি বুঝতে পারছি না, কেউ কী আদৌ দুপুর একটায় খাওয়াদাওয়া বন্ধ করে, আমাদের ছবি নন্দনে দেখবেন? আর যদি না দেখেন তখন কী বলবেন না যে, অর্জুন দত্তের ছবি চলে না? অতএব ছবিটা উঠিয়ে নেওয়া হোক?’

পাশাপাশি অর্জুন লেখেন, বাংলা ছবির বাজারে নন্দনের গুরুত্ব ঠিক কতটা? বাংলা ছবি দেখতে যে সমস্ত হলে দর্শক ভিড় জমান, তার মধ্যে নন্দন অন্যতম। সেই কারণে নন্দন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তবে পরিচালক বার্তা দিয়েছেন যে, তিনি লড়াই চালিয়ে যাবেন।

(Feed Source: abplive.com)