জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবাসরীয় সকালেই জানা গিয়েছিল গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক (Odiya Playback Singer) হুম্যান সাগর (Humane Sagar)। ভর্তি ছিলেন ভুবনেশ্বরের AIIMS হাসপাতালে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভেন্টিলেটর সাপোর্টে (Ventilator Support) থাকলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন গায়ক। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohon Charan Majhi) শনিবার আইএমস ভুবনেশ্বরে চিকিৎসাধীন জনপ্রিয় গায়কের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। প্রয়োজনে দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছিলেন। এর মাঝেই সোমবার সন্ধ্যায় সব শেষ। মাত্র ৩৫ বছরে থামল সুরেলা সফর।
প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের অকালপ্রয়াণের পর তাঁর মা শেফালি সুনা কাঠগোড়ায় তুলেছেন ম্যানেজার ও ইভেন্ট আয়োজকদের। গুরুতর অভিযোগ, শরীর খারাপ থাকা সত্ত্বেও জোর করে সাগরকে স্টেজ শো করানো হত।হুম্যানের মা অভিযোগ করেন, শারীরিক অবস্থা ভাল না থাকা সত্ত্বেও তাঁর ছেলেকে শো করতে রীতিমতো বাধ্য করা হত। আরও অভিযোগ, ছেলের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করা হয়েছে। ন্যায়বিচারের দাবিতে তিনি বলেন, তাঁর ছেলের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। ম্যানেজার ও আয়োজকরাই এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যা তাঁর ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
হিউম্যান সাগরের মা আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, চিকিৎসকরা গায়কের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কোনও ত্রুটি রাখেননি এবং ছেলের চিকিৎসার জন্য কারও কাছে আর্থিক সাহায্যও চাননি। দৃঢ় কণ্ঠে শেফালি সুনার দাবি, ‘আমার ছেলেকে ব্যবহার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থাতেও প্রোগ্রাম করতে বাধ্য করা হয়েছিল। আমি কখনও ছেলের চিকিৎসার জন্য টাকা ভিক্ষা চাইনি। আমি আমার ছেলের ন্যায়বিচার চাই।’ তবে হুম্যান সাগরের ম্যানেজার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ওড়িশার এক প্রতিবেদনে জানানো হয়েছে, চিকিৎসকরা লাইফ-সাপোর্ট সিস্টেমের সাহায্যে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি গায়কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘খ্যাতনামা প্লেব্যাক গায়ক হুম্যান সাগরের প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। ওঁর মৃত্যু আমাদের সংগীত ও সিনেমা জগতের কাছেঅপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং প্রয়াত শিল্পীর আত্মার চিরশান্তি কামনা করি।’
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি জাতীয় সহ-সভাপতি ও সাংসদ বৈজয়ন্ত পাণ্ডাও জনপ্রিয় ওড়িয়া গায়কের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এআইআইএমএস ভুবনেশ্বরের চিকিৎসক শ্রীকান্ত বেহেরা, যিনি হুমান সাগরের চিকিৎসা করছিলেন এক মেডিয়া বুলেটিনে বলেন, ‘হুম্যান সাগরকে ১৪ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, ডাইলোটেড কার্ডিওমায়োপ্যাথি সঙ্গে ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ একাধিক রোগে জর্জরিত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি অত্যাআধুনিক চিকিৎসার পরও কোনও সাড়া মেলেনি। ১৭.১১.২০২৫ সোমবার রাত ৯টা ০৮ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছিল, ওড়িশা সরকার সর্বোত্তম চিকিৎসা সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।
(Feed Source: zeenews.com)
